কক্সবাজারে কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫৩
এক কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ছবি ধারণ করে তা প্রচারের অভিযোগে কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও ধর্ষণ আইনে মামলা করা হয়েছে। ঘটনার শিকার এক কলেজ ছাত্রী বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত পৌর কাউন্সিলর মিজান। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীমউদ্দিন জানান, এক কলেজ ছাত্রীকে নানা প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে কাউন্সিলর মিজানুর রহমান। আবার সেই ভিডিও ধারণ করে বিভিন্ন মোবাইল ফোনে প্রচার করাও হয়েছে। স্থানীয় একটি পত্রিকাতেও বিষয়টি এসেছে। বর্তমানে ঘটনাটি শহরে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এ ব্যাপারে ভিকটিম নিজেই বাদী হয়ে মিজানুর রহমান কাউন্সিলরের বিরুদ্ধে মামলাটি করেছেন। অভিযুক্ত কাউন্সিলর মিজানুর রহমান সাংবাদিকদের বলেন,‘অভিযোগগুলো সত্য নয়। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’