একই স্থানে লোহাগড়া কলেজ ছাত্রলীগের পরিচিতি সভা ডাকায় জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর শাখার নির্বাচন-২০১৩ স্থগিত করা হয়েছে। এদিকে সহিংসতা এড়াতে লোহাগড়া কমিউনিটি সেন্টারসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার লোহাগড়া কলেজ মাঠসংলগ্ন কমিউনিটি সেন্টারে যুবদল উপজেলা ও পৌর শাখার নির্বাচন অনুষ্ঠিত করার সকল প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু গত শুক্রবার রাত ১০ টায় উক্ত স্থানে লোহাগড়া কলেজ শাখা ছাত্রলীগের পরিচিতি সভা আহবান করায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে শুক্রবার রাতেই যুবদলের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক ও পৌর মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মদ ঠাকুর বলেন, ছাত্রলীগের সভা ডাকার কারণে সংঘর্ষ এড়াতে যুবদলের নির্বাচন স্থগিত করা হয়েছে।
