ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম ভূঞার নেতৃত্বে গতকাল শনিবার দুপুরে মিছিল বের করলে পূর্বের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দের মাঝে উত্তেজনা দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। নতুন কমিটির বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবিএম আক্তারুজ্জামান জানান, কেন্দ্রের নির্দেশে নান্দাইলের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অপরদিকে নান্দাইল উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসাইন মো. ইয়াহিয়া জানান, তাদের কমিটি বিলুপ্ত হয়নি।
