খুন করতে এসে ২ সন্ত্রাসী আটক মোটরসাইকেল ভস্মীভূত

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫৪
ঝিনাইদহের কালীগঞ্জের পুকুরিয়া গ্রামে মঞ্জু খাঁ নামের এক আওয়ামী লীগ কর্মীকে গুলি ও বোমা মেরে হত্যার চেষ্টাকালে এলাকাবাসী দুই সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। গ্রামবাসী এসময় সন্ত্রাসীদের ব্যবহূত ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন অভিযোগ করেন, মঞ্জু খাঁকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় আসাদ চেয়ারম্যান যশোর থেকে ৪ পেশাদার খুনীকে ভাড়া করে আনে। তারা ২টি মোটর সাইকেলযোগে পুকুরিয়া গ্রামে ঢুকে মঞ্জুকে লক্ষ্য করে প্রথমে গুলি করে এবং পরে তার মৃত্যু নিশ্চিত করতে ৪টি হাত বোমা নিক্ষেপ করে। পরে গ্রামবাসী ৪ সন্ত্রাসী ধাওয়া করলে ২জন পালিয়ে গেলেও অপর দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। কালীগঞ্জ থানার ওসি জানান, গ্রামবাসী আটক করে ২জনকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।