গত শুক্রবার সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা থেকে যাত্রী সেজে চালককে হত্যা করে একটি কার ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী চক্র।
জানা গেছে, সন্ধ্যা ৭টায় দু’জন লোক পটিয়া থেকে রাঙ্গুনিয়া লেচু বাগান এলাকায় বরযাত্রী নেয়ার কথা বলে ৫ হাজার টাকায় ভাড়া করে উপজেলার শ্যাম চৌধুরী বাড়ী এলাকার ঠিকাদার মো. জাহাঙ্গীরের (চট্টমেট্রো চ-১২-৫১৪৭) কার। রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত চালক জসিমের (৩২) মোবাইলে কল দিয়ে যোগাযোগ করতে ব্যর্থ হয়। এরপর মালিক জাহাঙ্গীর অন্য একটি গাড়ী নিয়ে রাঙ্গুনিয়া এলাকায় রওনা দেয়। পথে রাউজান নোয়াপাড়া পথেরহাট এলাকায় রাস্তার পাশে লোকজনের ভীড় দেখে জাহাঙ্গীর সেখানে নেমে চালক জসিমের লাশ দেখতে পায়। লাশের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। নিহত জসিম সাতকানিয়া উপজেলার জনার কেঁওচিয়া মাদারবাড়ী এলাকার নুর হোসেনের পুত্র। রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটির কোন সন্ধান পাওয়া যায়নি।
