কালকিনিতে প্রবাসীর হাত-পায়ের রগ কর্তন
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনিতে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে মেরাজ সরদার (৪৫) নামের এক সৌদি প্রবাসীর হাত ও পায়ের রগ কর্তন করেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার সকালে উপজেলার এনায়েতনগর এলাকার ইচাগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ নাসির খাঁ লোকজন নিয়ে উক্ত ঘটনা ঘটায়। আহতকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ ঢেলে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে উপজেলার মনোহরপুর গ্রামের মো. রাজন ফকিরের ৮০ শতাংশ পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে। এতে পুকুর মালিক রাজনের বাবাসহ পরিবারের লোকজন পাগলপ্রায়। স্থানীয় ইউপি সদস্য নাছরুল্লাহ খান জানান, পুকুর মালিকদের সাথে পার্শ্ববর্তী পুলুঙ্গা বিল নিয়ে মামলা-মোকদ্দমা এবং স্থানীয় শত্রুতার জের হিসাবে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এলাকার বিভিন্ন খামারি আতংকগ্রস্ত হয়ে পড়েছে। এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
মহেশখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের মহেশখালীতে টিপু প্রকাশ সোনাইয়া নামে এক পেশাদার ডাকাত গ্রেফতার হয়েছে । সে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা গ্রামের নুরুমিয়ার পুত্র । মহেশখালী থানার কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহে নেওয়াজ শনিবার ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়ি আস্তানা থেকে তাকে ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে।
কিশোরগঞ্জে ছাত্র-শিক্ষক আনন্দ মিছিল
কিশোরগঞ্জ প্রতিনিধি \ অ্যাডভোকেট মো. আবদুল হামিদ দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গুরুদয়াল সরকারি কলেজ পরিবার আনন্দ মিছিল করেছে। কলেজের অধ্যক্ষ মো. আরজ আলী ও উপাধ্যক্ষ ফজলুল হক সাগরের নেতৃত্বে গতকাল শনিবার কলেজ ক্যাম্পাস থেকে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আরজ আলী, উপাধ্যক্ষ ফজলুল হক সাগর প্রমুখ। উল্লেখ্য, রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র ছিলেন।
দামুড়হুদা সীমান্তে ৩ মাদক চোরাচালানী আটক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্তবর্তী এলাকায় শুক্র ও শনিবার অভিযান চালিয়ে ২৩০০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক চোরাচারালীকে আটক করেছে বলে বিজিবি’র দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল জানান।
বগুড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কমিটি
বগুড়া প্রতিনিধি\ শুক্রবার বগুড়া জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আব্দুল আজিজ হীরাকে সভাপ্রতি ও শহিদুল আলম শঞ্জুকে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম মানিককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয় । কমিটির অনুমোদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ।
কসবায় বজ্রপাতে একজন নিহত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল শনিবার সকালে বজ্রপাতে কসবা উপজেলার জাজিসার গ্রামে শ্রমিক মন্টু মিয়া (৩০) নিহত হয়েছে।
জানা যায়, মন্টু মিয়া ও তার খালাত ভাই জাজিসার গ্রামের জামাল মিয়ার বাড়িতে কৃষি জমিতে কাজ করতো। প্রতিদিনের ন্যায় গতকাল সকালে জমিতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্য ঘটে। নিহতের বাড়ি রংপুর জেলার তারাকাইছ উপজেলার চকপেরিয়া গ্রামে।
রামগতিতে বিকল্পধারার প্রতিকী অনশন
রামগতি সংবাদদাতা \ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিকল্পধারার উদ্যোগে প্রতীক অনশন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার রামগতি পৌরসভা চত্বরে দলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়। অনশন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিকল্পধারার যুগ্ম-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, নুরুল আমিন হাওলাদার, পৌর বিকল্পধারার আহবায়ক মাওলানা মো. হাতেম, চর আলগী ইউনিয়ন বিকল্পধারার সভাপতি শাহাবউদ্দিন প্রমুখ।
আমতলীতে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলী উপজেলায় শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক ২টি সড়ক দুর্ঘটায় সবুজ (৩০) ও হাসান বয়াতী (১৮) নামে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। থানায় মামলা হয়েছে।
কাউনিয়ায় জালিয়াতি মামলায় মেম্বার আটক
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলায় চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত এক ইউপি মেম্বারকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিরদহ গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে মাসুম মিয়া গত বছর তার নিজের ভাগিনার সাথে চেক জালিয়াতি করেন। পরে ওই ভাগিনা বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন।
নওগাঁয় মুক্ত গণমাধ্যম দিবস পালিত
নওগাঁ প্রতিনিধি \ আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রেসক্লাব ও স্থানীয় কমিউনিটি রেডিও বরেন্দ্র এই আলোচনা সভার আয়োজন করে। নওগাঁ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বজিত্ সরকার মনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ এনামুল হক।
আমতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ তালতলরি ছোবাহান পাড়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাহার আলী ফরাজীর একটি বসতঘর পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ ৩০ হাজার টাকা এবং ঘরে রক্ষিত ৮০ মণ ধান পুরে আঙ্গার হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় লোকজন প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মহেশপুরে আরডিসির উদ্বুদ্ধকরণ সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল শনিবার সকালে আরডিসির উদ্যোগে ফতেপুর শিশুতলা বাজার আরডিসি অফিসে জীবন দক্ষতা উন্নয়নের উপর একদিনের এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিসির প্রোগ্রাম সুপারভাইজার মেহের আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান।
গাজীপুরে পরিবহন শ্রমিকদের র্যালি ও সভা
গাজীপুর প্রতিনিধি \ জেলা বাসা মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, পিকআপ, ট্যাংলরি ড্রাইভার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে মহান মে দিবস, উপলক্ষে চান্দনা চৌরাস্তায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বাস মিনিবাস-শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সামসুদ্দীন সরকারের সভাপতিত্বে আলোচনা সভার বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক নেতা হাজী আব্দুল মোত্তালেব, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ গেমস্-এ লোহাগাড়ার ছাত্রদের কৃতিত্ব
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ সম্প্রতি অনুষ্ঠিত ৮ম বাংলাদেশ গেমস্-এ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ৬ জন ছাত্র রৌপ্যপদক লাভ করেছে। খো-খো খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা এ পদক অর্জন করে। এরা হলেন মোহাম্মদ আলী, রুবেল মোল্লা, রাশেল হাওলাদার, নজরুল ইসলাম মামুন, বীর বাহাদুর ত্রিপুরা ও অংসানু মার্মা। কলেজের ৬ জন ছাত্র উক্ত পদক লাভ করায় কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিন এবং অধ্যক্ষ মো: মফিজুর রহমানসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাদেরকে অভিনন্দন জানান।
পীরগঞ্জে যৌথ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ গত ৩ মে পূর্ব চৌরাস্তা মোড়ে পীরগঞ্জ যৌথ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি মোঃ আসরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও চিনিকলের সাবেক শ্রমিক নেতা কমরেড নুরুজ্জামান। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক পিয়ার রহমান, সহ-সভাপতি জমির উদ্দিন, সহ-সম্পাদক ফারাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আমির হামজা, নরসুন্দর ইউনিয়নের মনরঞ্জন শীল, নির্মাণ শ্রমিক নেতা রেজাউল করিম প্রমুখ।
কসবা প্রেসক্লাবের তিন দশক পূর্তি
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ কসবা প্রেসক্লাবের ৩ দশক পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কার্যনির্বাহী সদস্য মুন্সী রুহুল আমিন টিটু, ফ্রিল্যান্সার আবদুর রকিব স্বপন, সদস্য আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আবদুল হান্নান, সদস্য আবুল খায়ের স্বপন, দপ্তর সম্পাদক নাজমুল হক সজল প্রমুখ।
কিশোরগঞ্জে বিকল্পধারার প্রতীক অনশন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গতকাল শনিবার কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে প্রতীক অনশন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিকল্পধারা বাংলাদেশের জেলা শাখা এই কর্মসূচি পালন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ।
আশুগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত
আশুগঞ্জ সংবাদদাতা\ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর আব্বাস উদ্দিন খান কলেজের কাছে শনিবার দুপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সোহেল (২২) ঘটনাস্থলে নিহত ও ৫ জন যাত্রী আহত হয়েছে। নিহতের সিএনজি চালকের বাড়ি আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে। গুরুতর আহত ৫ জনকে আশুগঞ্জ উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তালায় গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা\ সাতক্ষীরার তালায় সিরাজ মাঝি (৫০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (শনিবার) সকালে তালা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে প্রায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে।
পীরগাছায় ঋণের দায়ে পিটিয়ে হত্যা
পীরগাছা(রংপুর)সংবাদদাতা \ রংপুরের পীরগাছায় ধারের টাকা শোধ না করায় অনন্দনগর রেল ষ্টেশনের প্লাটফর্মে পাওনারদার আব্বাস আলী দেনাদার খলিলুরকে পিটিয়ে হত্যা করেছে। গত শুক্রবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটার পর আব্বাস আলী ও তার কন্যা বিমলা খাতুনকে আটক করেছে পুলিশ। পীরগাছা থানা জানিয়েছে, সাঘাটা উপজেলার বোনার পাড়া গ্রামের খলিলুর রহমান (৫৮) রেলওয়ের বোনার পাড়া শাখায় খালাশির কাজ করত। সখ্যতার সুবাদে খলিল পীরগাছার আব্বাস আলীর নিকট থেকে দু’মাস আগে ৫শ’ টাকা ধার নেয়। কথা মোতাবেক টাকা পরিশোধ না করায় খলিলুরের সাথে আব্বাসের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আব্বাস ও তার লোকজনের পিটুনীতে খলিল মারা যায়। পীরগাছা থানার ওসি আরমান হোসেন জানান, এব্যাপারে বোনার পাড়া জিআপি থানায় মামলা দায়ের হবে।
শিবগঞ্জে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা
শিবগঞ্জ সংবাদদাতা\ ছাত্রলীগের সাবেক নেতা রাজিনের উপর হামলার ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে প্রায় ৪০-৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে শিবগঞ্জে। ছাত্রলীগ নেতা মতিউর হিটুল ১ মে শিবগঞ্জ থানায় রাজিনের উপর হামলার ঘটনায় মামলা করেছে বলে জানান শিবগঞ্জ থানার এস আই আবুল কালাম আজাদ। গত ২০ তারিখে শিবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ছাত্রলীগের সাবেক নেতা রাজিন। পরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তার পা কেটে ফেলতে হয়।
সাতক্ষীরায় এক মাদ্রাসা ছাত্রীর শ্লীলতা হানি
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা শহরের অদূরে লাবসা এলাকায় এক লম্পটের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। লম্পট ধর্ষকের নাম রবিউল ইসলাম (৩৫)। সে খুলনার সোনাডাঙা এলাকার বাসিন্দা। গত সোমবার সদর উপজেলার লাবসা এলাকার একটি ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার ধর্ষিতা ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়।
ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসের র্যালি ও সভা
পরশুরাম সংবাদদাতা \ ফেনী প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভায় ক্লাব সভাপতি মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতেয়ার ইসলাম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহমান বিকম, নুরুল করিম মজুমদার, আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক রবি প্রমুখ।
বাগমারায় হাজী সমাবেশ অনুষ্ঠিত
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ বাগমারা উপজেলায় বসবাসরত ছয় শতাধিক হাজীকে নিয়ে শুক্রবার উপজেলা সদর ভবানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জি. এনামুল হক। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আব্দুল বারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আত-তিজারা রাজশাহী লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম।
আদমদীঘিতে ভাগিনার হাতে খালা খুন
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ মাত্র এক শতক জমি কেনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে আদমদীঘির তালশন গ্রামে বড় বোনের ছেলে বুলু মিয়া হাসুয়া দিয়ে কুপিয়ে তার খালা জোসনা বেগমকে (৪২) খুন করে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেছে। নিহত জোসনা বেগম আব্দুল মান্নানের স্ত্রী ও এক সন্তানের জননী।
বগুড়া লেখকচক্রের আলোচনা ও কবিতা পাঠ
বগুড়া প্রতিনিধি \ কবি করিম মোহাম্মদের কাব্যগ্রন্থ ‘বিদগ্ধ’ নিয়ে আলোচনাসভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী সংগঠন বগুড়া লেখকচক্রের আয়োজনে শুক্রবার পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) মিলনায়তনে এই আয়োজন করা হয় । আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কবি ড. শোয়াইব জিবরান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর এবং দৈনিক মানবকণ্ঠের সহকারী সম্পাদক মামুন রশীদ।
চৌহালীতে হ্যানিম্যানের জন্মজয়ন্তী পালন
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের এনায়েতপুরে হোমিওপ্যাথিকের জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে এনায়েতপুর থানা হোমিওপ্যাথিক চিকিত্সক সমিতির উদ্যোগে শুক্রবার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের থানা শাখার সভাপতি ডা. আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক।
রাজশাহীতে রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা
রাজশাহী অফিস \ রাজশাহীতে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দিনব্যাপী রিপোর্টিং কর্মশালা শুক্রবার চিলিস হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। পি আই বি’র মহাপরিচালক প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ ও সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কমিউনিকেশন কনসালটেন্ট হাসান বেনাউল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
বাহুবলের ব্যবসায়ীর মৃতদেহ মাধবপুরে উদ্ধার
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ বাহুবলের কাপড় ব্যবসায়ীর মৃতদেহ মাধবপুর সংলগ্ন সাতবর্গ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পড়ে থাকা মানিক ধরের (৫৫) ক্ষত-বিক্ষত মৃত দেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হবিগঞ্জের বাহুবল থানার জাঙ্গালিয়া এলাকার কাপড় ব্যবসায়ী মানিক ধর বাসা হতে দোকানের মালক্রয় করার উদ্দেশ্যে নরসিংদীতে গিয়েছিল। পরদিন সকালে মাধবপুর সংলগ্ন বিজয়নগর থানার সাতবর্গ এলাকায় পথচারীরা মহাসড়কের পাশে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
গোয়ালন্দের পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
গোয়ালন্দ সংবাদদাতা ঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে গতকাল শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে। পরে সেগুলোকে ঘাট এলাকায় পুড়িয়ে দেয়। একই সাথে দুই ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করেছে।
