স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ। ছিটকে গেলেন পেসার ঝাই রিচার্ডসন। কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে ব্যর্থ হওয়ায় গতকাল বুধবার বিশ্বকাপ দল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার পরিবর্তে ডাক পেয়েছেন আরেক রিচার্ডসন। তিনি হলেন ডান হাতি পেসার কেন রিচার্ডসন।
গেল মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কাঁধের ইনজুরিতে পড়েন ঝাই। ইনজুরি থাকার পরও আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আসরে তার ওপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্বকাপ সন্নিকটে চলে আসার সাথে সাথেই জানা গেল, সময় মতো সুস্থ হয়ে উঠতে পারছেন না ঝাই।
অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বেকলি ঝাই রিচার্ডসনের সর্বশেষ অবস্থা খোলাসা করে বলেন, ‘একটু ভিন্নভাবেই ঝাইয়ের পুনর্বাসন চালিয়ে যাচ্ছি আমরা। তবে, আপাতত খবর হলো বিশ্বকাপের আগে ওর ফেরার সম্ভাবনা নেই। এটা ওর নিজের ও অস্ট্রেলিয়া দলের জন্য দুঃখজনক। তার সর্বশেষ অবস্থা ও নেটে তার বোলিং দেখে এটা স্পষ্ট যে সে যথেষ্ট পরিমাণ উন্নতি করতে পারেনি। তাই নির্বাচকদের সাথে আলোচনা শেষে দল থেকে আমরা তার নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
অস্ট্রেলিয়ার হয়ে ১২ ওয়ানডেতে ২৪ উইকেট পেয়েছেন ঝাই। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্যাম্প চলাকালেই পার্থে ফিরতে বাধ্য হয়ে তিনি বলেন, ‘এটা একটা নির্মম সত্য। তবে, আমাকে মেনে নিতেই হচ্ছে। বিশ্বকাপ তো আর রোজ রোজ আসে না। আমার পাশে যারা আছেন, তারা প্রতিনিয়ত সমর্থন যুগিয়ে যাচ্ছেন।’
ধারণা করা হচ্ছিল, ঝাইয়ের ইনজুরির সুবাদে কপাল খুলতে পারে জশ হ্যাজেলউডকে। গেল জানুয়ারির ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার আগে দারুণ ফর্মে ছিলেন তিনি। তবে, তাকে বিবেচনায় আনেননি প্রধান নির্বাচক ট্রেভর হন্স। কারণ, আগামী আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের জন্য হ্যাজেলউকে তৈরি করতে চান তারা। বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড সফরে থাকা অস্ট্রেলিয়া ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয় হ্যাজেলউডকে।
ডাক পাওয়া কেন রিচার্ডসন অস্ট্রেলিয়ার হয়ে ২০টি ওয়ানডে খেলে পেয়েছেন ২৯টি উইকেট। তিনি অস্ট্রেলিয়া একাদশের হয়ে নিউজিল্যান্ডের একাদশের বিপক্ষেও খেলছেন। যদিও, তাতে দুই ম্যাচে তার কোনো উইকেট নেই।
আগামী এক জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু হবে অজিদের। ম্যাচটি হবে ব্রিস্টলে এর আগে অবশ্য ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ফেরায় বেশ চাঙ্গা আছে দলটি। আর সাম্প্রতিক সময়ের দুরবস্থাও কাটিয়ে উঠেছে জাস্টিন ল্যাঙ্গারের দল। জিতেছে সর্বশেষ আটটি ওয়ানডের সবগুলোই।
