মৌলভীবাজারে মালবোঝাই ট্রাকসহ বেইলি সেতু বিধ্বস্ত

আপডেট : ০৫ মে ২০১৩, ২০:৪৭
কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মইডাইল এলাকায় বেইলী সেতুর উপর দিয়ে পাথর বোঝাই ট্রাক পারাপারের সময় ভেঙ্গে পড়েছে সেতুটি। রবিবার ভোর ৪টায় সেতু ভেঙ্গে পড়লে মৌলভীবাজারের সাথে কমলগঞ্জ উপজেলা সদর ও কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা যায়, জাফলং থেকে পাথর বোঝাই ট্রাক মৌলভীবাজার জেলা সদর হয়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে আসার পথে মইডাইল এলাকায় ষ্টিলের বেইলী সেতু পারাপারের সময় সেতুটি ভেঙ্গে পড়ে। দীর্ঘদিন যাবত্ সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও অধিক মালামাল বহন না করার জন্য কোন সতর্কতামূলক বোর্ড টাঙ্গানো হয়নি। ফলে সকল প্রকার ভারি যানবাহন চলাচল অব্যাহত থাকে। সেতুটি ভেঙ্গে পড়ায় রবিবার ভোর থেকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, পৌরসভা, আদমপুর, ইসলামপুর, মাধবপুর ও আলীনগর ইউনিয়নের একাংশের জনসাধারণের জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে গেছে। ফলে ভুক্তভোগী জনসাধারণকে ১৪ থেকে ১৫ কি.মি. দূরত্বে শমশেরনগর হয়ে মৌলভীবাজার সদরে যাতায়াত করতে হচ্ছে।