রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। চিকিত্সকদের আশ্রয়-প্রশ্রয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, স্বাস্থ্য কমপ্লেক্সটি বেশিরভাগ সময় রোগীর পরিবর্তে রিপ্রেজেন্টটেটিভদের দখলে থাকে। ফলে চিকিত্সা বঞ্চিত হচ্ছে উপজেলার দুই লক্ষাধিক সাধারণ মানুষ।
জানা যায়, সাধারণ মানুষের চিকিত্সা নিশ্চিত করতে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের প্রতিদিন সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত প্রবেশের সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু ওই সময়সীমা কেউ মানছে না। সকাল সাড়ে ৮টা হতে প্রায় সারাদিন স্বাস্থ্য কমপ্লেক্সে চলে রিপ্রেজেনটেটিভদের আসা-যাওয়া। তাদের নিষেধ করার যেন কেউ নেই। আর রিপ্রেজেনটেটিভদের কথা শুনতে ডাক্তারদের সময় চলে যায়। এরপর চলে যান প্রাইভেট চেম্বারে। ফলে বহির্বিভাগে অপেক্ষারত রোগীরা চিকিত্সা সেবা বঞ্চিত হন। সূত্র জানায়, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে কয়েকশ’ রোগী চিকিত্সার জন্য আসে। তাদের সামলাতে নার্স-ওয়ার্ডবয়দের রীতিমতো হিমশিম খেতে হয়। কিন্তু সময় পান না চিকিত্সকরা। এমনিতেই চিকিত্সকদের অধিকাংশ যথাসময়ে নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায় না। যেটুকু সময় তারা আসেন, তার মধ্যে বেশিরভাগ সময় ব্যয় হয় ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের জন্য।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, রোগীদের চিকিত্সা নিশ্চিত করতে হাসপাতালের অভ্যন্তরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে চিকিত্সকের অফিসকক্ষে ভিজিট করতে পারবেন রিপ্রেজেনটেটিভরা। তিনি আরো বলেন, রিপ্রেজেনটেটিভরা নিয়মভঙ্গ করলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
