ইসলামপুরে আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পরীক্ষা

আপডেট : ০৫ মে ২০১৩, ২০:৪৮
ইসলামপুর পৌর এলাকার মীরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি গত বুধবারের কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়ায় ছাত্র-ছাত্রীরা মাঠে বসে খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে। ২০০১ সালে প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়। ২০০৬ সাল থেকে ৪ জন শিক্ষক/শিক্ষিকা একটি টিনের ঘরে শিশুদের পাঠদান করে আসছিলেন। বর্তমানে ওই বিদ্যালয়ে ১৭৫ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। গত বুধবার কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের ৫টি শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ ভেঙ্গে পড়ে। ১ম সাময়িক পরীক্ষার দিন প্রখর রোদে শিশুরা খোলা আকাশের নিচে পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, এলাকাবাসির সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের ঘরগুলো মেরামত করার জন্য চেষ্টা করছি। মেরামত না হওয়া পর্যন্ত খোলা আকাশের নিচেই পরীক্ষা নিতে হবে।” ৩য় শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তার বলেন, “আমরা বাইরে পাটি বিছিয়ে পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দিতে অনেক অসুবিধা হচ্ছে। পাটিতে বসে লিখতে সমস্যা হয়।” উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে সরকারি কোন বরাদ্দ নেই। বরাদ্দ আসতে সময় লাগবে। তাই প্রধান শিক্ষক স্থানীয়ভাবে বিদ্যালয়ের ঘর মেরামত করবেন।