চাকরি খোয়ানোর শঙ্কায় বার্সেলোনা কোচ

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:২১

স্পোর্টস ডেস্ক

টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে বাজেভাবে বিদায়ের পর বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দের দায়িত্ব পালন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কাতালান ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমিও এ ইঙ্গিত দেন। বার্সেলোনা সভাপতির মতে লিভারপুলের কাছে হারটি ছিল ক্লাব ও কোচের জন্য ‘দুর্যোগের রাত’। তিনি এও জানান যে কোচ ভালভার্দের ভবিষ্যত্ নিয়ে জানতে চাওয়া হবে। তিনি এক রেডিওকে  বলেন, ‘এসব নিয়ে চিন্তা করা এবং ব্যাখ্যা দেয়ার আরো সময় আছে। আপাতত আমরা কোপা দেল রে নিয়ে ভাবতে চাই।’

ভালভার্দে টানা দুবার লা লিগার শিরোপা জেতালেও চ্যাম্পিয়ন্স লিগে গত দুই মৌসুমেই ব্যর্থ। এ কারণে অনেকেই তার উপর ক্ষুব্ধ এবং এজন্য তাকে হয়তো চরম মূল্য দিতে হতে পারে। যদিও ফেব্রুয়ারিতেই তাকে আরো এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এ প্রসঙ্গে বার্সা কোচ বলেছেন- ভবিষ্যত্ নিয়ে ভাবার সময় নেই তার। তবে তিনি স্বীকার করেন যে গত মঙ্গলবার রাতে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারের পর তার সামনের ‘ভয়ংকর দিন’ অপেক্ষা করছে।

তিনি বলেন,‘আমি জানি না এটা আমার ভবিষ্যেক কতটা প্রভাবিত করবে। আমাদের ওসব ভাবার সময় নেই। তবে আমরা এখন এখানে আছি এবং কোচকেই এর দায়-দায়িত্ব নিতে হবে।’