স্পোর্টস ডেস্ক
শূন্য হাতে ফিরলেন ডেভিড ওয়ার্নার। গতকাল নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে রানের খাতাই খুলতে পারলেন না তিনি। যদিও, পাঁচ নম্বরে নেমে অপরাজিত থেকেছেন স্টিভেন স্মিথ।
যদিও উইল ইয়াং এর দারুণ এক শতকে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড একাদশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ান একাদশ। অজিরা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ২৭৭ রান।
৭৫ বলে ৪ চারে ৫৬ রান করেন উসমান খাজা। এছাড়া ৪৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৫২ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে, সবচেয়ে ঝড়ো ছিলেন স্মিথ। ৭৭ বলে ৪টি করে চার ও ছয়ে ৮৯ রান করে অপরাজিত থাকেন তিনি।
২৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই যা একটু ধাক্কা খায় ব্ল্যাক ক্যাপরা। কোনো রান করার আগেই হামিশ রাদারফোর্ডকে সাজঘরে পাঠান মিশেল স্টার্ক। তবে সেই ধাক্কা গায়ে লাগেনি জর্জ ওয়াকার ও উইল ইয়ং দ্বিতীয় উইকেটে ১৩৩ রান তুলে ফেললে। ৫৬ রান করে আউট হন ওয়াকার।
চারে নামা অধিনায়ক টম ল্যাথাম দারুণ সঙ্গ দেন ইয়ংকে। দারুণ ব্যাটিংয়ে ইয়ং করেন ১৩০ রান। ১০ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড একাদশ। ৬৯ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম।
