ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে যুবারা

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পরপরই ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিবে যুব দল। স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ ছাড়াও এই সিরিজে খেলবে ভারতীয় যুবারা।

মূলত দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্যই ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশ যুব দলের। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল করেছে দুই বোর্ড মিলেই। ভারত আগ্রহ দেখানোর কারণে দুই বোর্ড সম্মত হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে।

আর এই সিরিজের জন্য বাংলাদেশ যুব দলের দুই মাসের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। বিকেএসপিতে দুই দিনের ফিটনেসের কাজের পর এখন মিরপুর স্টেডিয়ামে চলছে অনুশীলন। প্রাথমিকভাবে ২৮ জন ক্রিকেটার ডাক পেয়েছেন ক্যাম্পে। এই ক্যাম্প থেকেই ত্রিদেশীয় সিরিজের চূড়ান্ত দল বেছে নেয়া হবে। গত মার্চে নিউজিল্যান্ড সিরিজ বাতিলের পর থেকে ছুটিতে আছেন বাংলাদেশের যুবাদের হেড কোচ নাভিদ নেওয়াজ। ছুটি কাটিয়ে খুব শিগগিরই ক্যাম্পে যোগ দিবেন এই লঙ্কান কোচ। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে দেশের বাইরে বাউন্সি কন্ডিশনে খেলার দিক থেকে। কারণ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেদিক থেকে বিশ্বকাপের জন্য বড় প্রস্তুতি হবে ত্রিদেশীয় সিরিজ। চলমান ক্যাম্প নিয়ে বাংলাদেশ যুব দলের বোলিং কোচ মাহবুব জাকি গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘দুটি কর্মসূচি আছে আমাদের। একটি হলো আমাদের বিশ্বকাপের মূল প্রস্তুতি, আরেকটি হলো সামনে ইংল্যান্ড সিরিজ আছে। আর সেটি ত্রিদেশীয় সিরিজ। সেখানে ইংল্যান্ড, ভারত এবং বাংলাদেশ খেলবে জুলাইতে। যেহেতু ইংল্যান্ড আমাদের এখানে খেলে গিয়েছে, এবার আমরা যাবো ওদের ওখানে।’

ঈদের আগে ২৬ মে পর্যন্ত চলবে অনুশীলন। মাহবুব জাকি গতকাল বলেছেন, ‘আমরা ফিটনেসের ওপর জোর দিচ্ছি। গতকাল (মঙ্গলবার) স্কিল ছিল। এর আগে ফিটনেস ছিল ৩ দিন। আর আজকে (গতকাল) ফিটনেস। এই প্রোগ্রাম ঈদের আগে ২৬ তারিখ পর্যন্ত চলবে। আর ঈদের পরে আবার দুই দিন পরেই শুরু হয়ে যাবে।’ জুলাইয়ের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে ত্রিদেশীয় সিরিজ।

বিশ্বকাপ ভাবনার কারণেই ইংল্যান্ড সফর অনেক গুরুত্ব বহন করছে বলে মনে করেন এই পেস বোলিং কোচ। তিনি বলেছেন, ‘এই সফরটি অনেক জরুরি। কারণ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রস্তুতি কিন্তু ইংল্যান্ড সিরিজ থেকেই শুরু হবে। একই কন্ডিশন কিন্তু দক্ষিণ আফ্রিকায়। তাই আমরা ইংল্যান্ড সফরটিকে গুরুত্ব দিচ্ছি। উইকেট, কন্ডিশন, প্রত্যেকটি মাঠ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ প্রস্তুতির মুখ্য জায়গা।’

ওই কন্ডিশনে বোলিং বিষয়ে শিষ্যদের ধারণা দিতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহযোগিতাও নিয়েছেন মাহবুব জাকি। গতকাল তিনি বলেছেন, ‘এরপরও আমি মাশরাফির সাথে আলাপ করেছি যে আমরা কি ধরনের লেন্থে যাবো। সে আমাকে সুন্দর করে বুঝিয়েছে যে এই লেন্থের উপরে যাও। কারণ মাশরাফি তো অনেক অভিজ্ঞ। সে বলেছে এই লেন্থের বাইরে যাবেন না। এর পেছনে হলে শর্ট হয়ে যাবে। আমরা যে লেন্থে এখানে বোলিং করি সেটি ওখানে শর্ট পিচ, ব্যাক অফ লেন্থ।’