জামালপুরে গত এক সপ্তাহে গাম্বুরো রোগের প্রাদুর্ভাবে তিনটি খামারের প্রায় সাড়ে ৩ হাজার ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চা মরে গেছে। খামারিদের অভিযোগ, প্রাণিসম্পদ বিভাগের দায়ীত্বহীনতা ও তদারকির অভাবে খামারগুলোতে এ রোগ দেখা দিয়েছে। দিন দিন ক্ষতিগ্রস্ত খামারিরা মূলধন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। খামারিরা জানায়, প্রাণিসম্পদ বিভাগের তদারকির অভাব, নিম্নমানের খাদ্য, ভেকসিন, অনভিজ্ঞতা এবং পরিচর্যার অভাবে বিভিন্ন রোগে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার পোল্ট্রি শিল্প।
সদর উপজেলার জামতলী গ্রামের খামারী সুজন মিয়া জানায়, গত ৩ এপ্রিল কাজী ফার্ম কোম্পানি থেকে তিনি দুই হাজার ২০০ লেয়ার মুরগির বাচ্চা খামারে তুলেন। গত ২৭ এপ্রিল বাচ্চার সমস্যা দেখা দিলে তিনি জেলা প্রাণিসম্পদ হাসপাতালের চিকিত্সকের শরণাপন্ন হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর গাম্বুরো রোগ ধরা পড়ে। এক সপ্তাহের মধ্যে তার এক হাজার ৬০০ বাচ্চা মারা যায়। অপরদিকে শহরের পলাশগড় এলাকার খামারি আতিকুর রহমান জানান, গত এক সপ্তাহে তার খামারের এক হাজার ১০০ মুরগির বাচ্চার মধ্যে প্রায় ৮০০ বাচ্চা গাম্বুরো রোগে মারা গেছে। শহরের পলাশগড় এলাকার আয়নাল হক জানান, গাম্বুরো রোগে গত ৪ এপ্রিল শনিবার পর্যন্ত তার প্রায় ৪০০ মুরগির বাচ্চা মারা গেছে।
এ ব্যাপারে জেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মাজহারুল ইসলাম জানান, ভেকসিন ফল্ট করার কারণে মুরগির বাচ্চা মারা যাচ্ছে। অর্থাত্ ভেকসিন সময়মত দেয়া হয়নি। তিনি আরো জানান, মুরগি পালনের ওপর যথাযথ দক্ষতা ও অভিজ্ঞতা না থাকার কারণে খামার পরিচালনা করায় লোকসানের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজগর আলী বলেন, প্রতিটি উপজেলায় তিনজন করে ভেটেরিনারি ফিল্ড এসিস্টেন্ট (ভিএফএস) খামারীদের সাথে যোগাযোগ করার জন্য সকলকে নির্দেশ দিয়েছেন।
