আজ ৭ মে টাঙ্গাইলের মির্জাপুরে গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এইদিনে পাকবাহিনীর অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায় মির্জাপুরের নিরীহ বাঙালির উপর। যাদের আত্মত্যাগের মাধ্যমে মির্জাপুর স্বাধীন হয়েছে। তাদের জন্য নির্মিত হয়নি আজও কোন স্মৃতিসৌধ ও শহীদ মিনার। ১৯৭১ সালের ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে মির্জাপুরে গঠিত হয় সংগ্রাম পরিষদ। সাবেক এমপি প্রয়াত ব্যারিস্টার শওকত আলী খান, সাবেক এমপি ফজলুর রহমান ফারুক, বঙ্গবীর আঃ কাদের সিদ্দিকী বীরোত্তম, আজাদ কামাল বীর বিক্রম ও আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি সংগ্রাম পরিষদের নেত্বত্ব দেন। ৭ মে রাজাকার-আলবদরদের সহযোগিতায় পাকসেনারা মির্জাপুর সদরের আন্ধরা শাহাপাড়া, কুতুববাজার, পুষ্টকামুরী, বাইমহাটি, সরিষাদাইর ও পালপাড়ায় ঢুকে অত্যাচার-নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ এবং গণহত্যা চালায়। সেদিন যাদের নির্বিচারে হত্যা করা হয়েছিল তারা হলেন: মির্জাপুর গ্রামের কমলা সাহা, সুভাষ সাহা, মধু সাহা, সুধাম চন্দ্র সাহা, উমাচরন, ধীরেন নাথ সাহা, গদাচরন সাহা, কেরুশীল, রংলাল সাহা, নিতাই চন্দ্র, আন্ধরা গ্রামের গৌরগোপাল সাহা, গঙ্গাচরন , পদসাহা, কান্দু সাহা, সরিষাদাইর গ্রামের ভবেন্দ্র সাহা, রঞ্জিত সাহা, নিতাই সাহা প্রমুখ। নরঘাতকরা ৬ মে কুমুদিনী কমপ্লেক্সে ঢুকে তাদের ধরে নিয়ে যায়। তাদের কোন খোঁজ মিলেনি। ১৯৭১ সালের ৭ মে গণহত্যার নির্মমতার কথা ভুলতে পারেননি মির্জাপুরবাসী।
