বাগেরহাটে বাড়িতে ঢুকে বিনয় কৃষ্ণ দাস (৬০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় বিনয় দাসের স্ত্রী সুধা রানী দাস আহত হয়েছেন। রবিবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বিনয় কৃষ্ণ দাস ওই গ্রামের মৃত আশুতোষ দাসের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার সকালে বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিনয় দাসের আত্মীয় সুশান্ত দাস সোমবার সকালে এই প্রতিবেদককে বলেন, রাত তিনটার দিকে বিনয় দাসের বাড়িতে সাত-আটজনের একদল সন্ত্রাসী ঢুকে ঘরের পেছনের দরজা ভাঙ্গতে শুরু করে। তখন বিনয় দাস ঘুম থেকে উঠে দরজা ভাঙ্গা ঠেকানোর চেষ্টা করে। পরে সন্ত্রাসীরা সামনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিনয় দাসকে খুব কাছ থেকে মুখে একটি গুলি করে চলে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
