রাজৈরে গণপিটুনিতে ডাকাত সরদার নিহত

আপডেট : ০৬ মে ২০১৩, ২১:০৫
জেলার রাজৈর উপজেলা সদর দীঘিরপাড় গ্রামে গত রবিবার গভীর রাতে আর্মি অঞ্জন মালোর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতিকালে গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের সরদার মওলা (৩৫) নিহত হয়েছে এবং ডাকাতদের অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছে। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ৫/৬ জনের ডাকাত দল রবি মালোর ঘরের দরজার ছিটকিনি ভাঙ্গার শব্দে ছেলে অঞ্জন মালো জেগে ওঠে এবং আশপাশ দেখার জন্য দরজা খোলার সাথে সাথে ডাকাত দল অঞ্জন মালোর উপর হামলে পড়ে। ধস্তাধস্তি ও আর্তচিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত দল গৃহকর্তা রবি মালোর দুই ছেলে ও ভাতিজাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালাতে থাকে। এসময় এলাকাবাসী ধাওয়া করলে ডাকাত মাওলা খাদে পড়ে যায় এবং গণপিটুনিতে ডাকাত মাওলা ঘটনাস্থলে মারা যায়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত অঞ্জন মালো (৩৫), ভাই চন্দন মালো (২৫) ও চাচাতো ভাই অর্মিত মালোকে (১৬) চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর পূর্বে ঐ ডাকাত দল বদরপাশা গ্রামে নুরুজ্জামানের বাড়িতে ডাকাতি করে। পুলিশ জানায়, মওলা আন্তঃজেলা ডাকাত সরদার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।