খুলনা-সাতক্ষীরা বাইপাস সড়ক সংযোগ ব্রিজ নির্মাণ কাজ দীর্ঘ ১৩ বছর ধরে বন্ধ হয়ে আছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এক চিঠিতে কাঙ্ক্ষিত ব্রিজটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। আদৌ এ ব্রিজ নির্মাণ হবে কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। জানা গেছে, খুলনা-সাতক্ষীরা বাইপাস সড়ক সংযোগ কপিলমুনি-কানাইদিয়া ব্রীজ নির্মাণ কাজে ব্যয় ধার্য করা হয় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ৯শ’ ১৯ টাকা ৫৫ পয়সা। কাজের মান প্রশ্নে পরবর্তীতে তা বৃদ্ধি পায় ২ কোটি ৩৬ লাখ টাকায়। এমতাবস্থায় এন হক এসোসিয়েট নামক ঠিকাদারী প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে ২০০০ সালের ১২ এপ্রিল।
এরপর ঐ প্রতিষ্ঠানটি ২০০৩ সালের ১২ নভেম্বর পর্যন্ত আংশিক কাজ করে ১ কোটি ৬৭ লাখ ৭২২ টাকা উত্তোলন করে কাজ বন্ধ করে দেয়। যা নিয়ে পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। যার ফলে ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে মামলাসহ নানা জটিলতার ও দীর্ঘসূত্রতার কারণে ব্রিজ নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে বাকি কাজ সমাপ্ত করতে ইসলাম গ্রুপ নামের আরো একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পুনরায় উক্ত নির্মাণ কাজ শুরু করলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড কপোতাক্ষ নদের স্রোতে বাধা পাবে মর্মে একটি চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়ায় ব্রীজ নির্মাণের কাজ চিরতরে বন্ধ হয়ে যায়।
ফলে খুলনা-সাতক্ষীরা বাইপাস পাইকগাছার কপিলমুনি-কানাইদিয়া সড়ক সংযোগ সেতু নির্মাণ কাজ দীর্ঘ ১৩ বছরেও সমাপ্ত হয়নি। একইভাবে ব্রিজ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত দু’পাড়ের মানুষের বহু জমি বাবদ তাদের প্রাপ্য টাকা এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি। অথচ এ ব্রিজ নির্মাণ হলে খুলনার পাইকগাছা হতে সাতক্ষীরার দূরত্ব অনেক কমে যেতো। যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নসহ বাণিজ্যিক সুবিধা লাভ করতো এলাকার মানুষ।
