সিংগাইরে থেমে নেই মাদক ব্যবসা

আপডেট : ০৭ মে ২০১৩, ২০:৫২
সিংগাইর উপজেলার চর আজিমপুর ও সাহরাইল গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মুন্না র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি সিংগাইরে। গত মাসে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় মাদক সম্রাট মুন্না। জানা যায়, মুন্না প্রায় ২০ বছর আগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে চাকরি নেয়। সেখানে তার সঙ্গে পরিচয় ঘটে ইমান্দিপুর এলাকার মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ও ইনসুরের সঙ্গে। মুন্না তখন হোটেলের কাজ বাদ দিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। একযুগ আগে সন্ত্রাসীদের হাতে আলমগীর ও বন্দুকযুদ্ধে ইনসুর নিহত হলে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চলে আসে মুন্নার হাতে। কিছুদিনের মধ্যেই মুন্না হয়ে যায় মাদক সম্রাট এবং অনেক টাকার মালিক। মাদকের টাকায় সাভার, সিংগাইর ও ঢাকাতে তার কয়েকটি বাড়ি হয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত মুন্নার স্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে জেলহাজতে গেলেও ইয়াবা ও হেরোইন ব্যবসায়ী মুন্না আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সখ্যতা গড়ে তোলে। ফলে সিংগাইর ও সাভার থানা পুলিশ নিয়মিত মাসোহারা পেত বলে সে থাকতো ধরা-ছোঁয়ার বাইরে। মুন্না সাভারে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলেও তার সহযোগীরা থেমে নেই। চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে অবাধে বিক্রি হচ্ছে মাদক। মুন্না মারা যাবার পর আজিমপুর গ্রামে মাদক ব্যবসা থেমে নেই। এ গ্রামেই ইতিপূর্বে ৩ জনের মৃত্যু ও অসু্স্থ হয়ে পড়ে আরো কয়েক যুবক। এদিকে থানার নাকের ডগায় এ মৃত্যুর ঘটনা এবং মাদক বিক্রি বন্ধ না হওয়ায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। মাদকের সূত্র ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা ঘটেছে সুদক্ষীরা, বায়রা ও ঢালিপাড়া গ্রামে। তারপরও জেলা মাদকদ্রব্য অধিদফতর ও থানা পুলিশের ভূমিকা রহস্যজনক।