সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ মে ২০১৩, ২০:৫২
ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিকের গ্রুপ প্রশিক্ষণ ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯টি ইউনিয়নে দুই দিনব্যাপী কমিউনিটি ক্লিনিকের গ্রুপ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার সকল ইউনিয়নে এই প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণের স্থানীয় সমন্বয়কারী ও পরিবার পবিকল্পনার কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়্যারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ওবাইদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল্লা প্রমুখ। বামনায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বামনা (বরগুনা) সংবাদদাতা\ বরগুনার বামনায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছে যার অধিকাংশই শিশু । হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় মেঝেতে থাকতে হচ্ছে রোগীদের। সংকট রয়েছে স্যালাইন ও ওষুধ সামগ্রীর। হাসপাতাল কর্তৃপক্ষ স্যালাইন সরবরাহ না করায় রোগীদের বাইরে থেকে বেশি দামে ক্রয় করতে হয়। মুমূর্ষু রোগীদের উন্নত চিকিত্সার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যালে প্রেরণ করা হচ্ছে। তালায় ৩০০ বোতল ফেন্সিডিল ও কারসহ আটক ৪ তালা (সাতক্ষীরা) সংবাদদাতা\ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোমবার রাতে ঢাকায় বইয়ের মধ্যে করে অভিনব কায়দায় পাচারকালে তালা উপজেলার পাটকেলঘাটা মজুমদার ফিলিং স্টেশনের সামনে থেকে একটি প্রাইভেটকারে রাখা ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় তিন মহিলাসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরা শহরের সরকার পাড়া এলাকার ইদ্রিস আলীর স্ত্রী মিনারা খাতুন (৩০), একই এলাকার কাজী নুরুল ইসলামের কন্যা তানিয়া সুলতানা (২৯), তার বোন শামীমা সুলতানা (২৬) এবং প্রাইভেটকার চালক শহরের সুলতানপুর এলাকার আমানত খাঁর পুত্র আল আমিন (২২)। বিএসএফের হাতে ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী আটক ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা সীমান্তে আবু হাসান(২৯) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়িকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ । সোমবার রাতে মুন্ডুমালা সীমান্তের ৩৮৩ পিলারের ওপারে ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের ভেলাগাছি ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে। রাণিনগরে বখাটের কারাদণ্ড রাণিনগর (নওগাঁ) সংবাদদাতা\ সোমবার নওগাঁর রাণিনগরে ভ্রাম্যমাণ আদালতে স্কুলছাত্রীকে ইভটিজিং-এর অপরাধে রেজাউল (২৪) নামের এক বখাটের ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে। স্কুলে আসার পথে রাণিনগর মহিলা কলেজের সামনে বখাটে রেজাউল ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে। জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ইভটিজারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণিনগর উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে উপজেলার বেলবাড়ী গ্রামের লবিবর খাঁনের বখাটে পুত্র বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। রাজারহাটে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা \ প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে সোমবার প্রেসক্লাব সভাপতি সাজেদুর রহমান মণ্ডল চাঁদ-এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২ মাসের জন্য এম. আজিজুল হক (দৈনিক জনতা ও আইএনবি) কে আহ্বায়ক, আলতাফ হোসেন সরকার (দৈনিক ইত্তেফাক) ও রনজিত্ কুমার রায়কে (দৈনিক রংপুর চিত্র) সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গাংনীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ গাংনী উপজেলার জোড়পুকুরিয়া সানরাইজ প্রিক্যাডেট স্কুলের শিক্ষক সোহেলের (২৭) লালসার শিকার হয়েছে একই স্কুলের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১০)। সোহেল পলাতক থাকায় তার শ্বশুর আব্দুস সামাদ ও শ্যালক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। গুরুদাসপুরে সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা \ দৈনিক সংবাদের তাড়াশ প্রতিনিধি সনাতন দাশ ও মানবজমিনের জাহিদ হাসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। চলনবিল প্রেসক্লাব সভাপতি শাহনেওয়াজ সভায় সভাপতিত্ব করেন। হামলকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক আতহার হোসেন, প্রেসক্লাব সম্পাদক এমএম আলী আক্কাছ প্রমুখ। ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির নির্বাচন ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও সদর উপজেলার দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর সাব-রেজিস্ট্রি অফিসে আমিনুল ইসলামকে সভাপতি ও সামসুদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্য সদস্যগণ হলেন:সহ-সভাপতি শচীন্দ্রনাথ সেন, কোষাধক্ষ্য আবু তাহের বাবলু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দফতর সম্পাদক সুধীর কুমার, সদস্য প্রবীণচন্দ্র রায়, খালেকুজ্জামান সরকার ও শরিফউদ্দিন। এনায়েতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ হেফাজতে ইসলামসহ বিরোধী দলের তাণ্ডব এবং অবাস্তব দাবির প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা থানার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এনায়েতপুর হাট চত্বরে এসে শেষ হয়। সেখানে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা আজগার মাস্টার, আলহাজ উদ্দিন প্রমুখ। ফুলবাড়িয়ায় উচ্ছেদের জন্য ঘরে আগুন ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা\ ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গড়পাড়া গ্রামের লালমিয়ার পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। লালমিয়া ও তার অসহায় পড়িবার গত ৪ দিন যাবত্ প্রতিপক্ষের হুমকিতে বাড়িতে যেতে পারছে না। এ ব্যাপারে মফিজ উদ্দিন জানান, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের পরামর্শক্রমে তারা কাজ করছেন। গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা গাইবান্ধা প্রতিনিধি \ স্বাস্থ্যশিক্ষা ব্যুরো ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে গাইবান্ধা সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. আহাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র শামছুল আলম প্রমুখ। যশোরে বাস উল্টে চালক নিহত যশোর অফিস \ যশোরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস উল্টে চালক নিহত এবং ভারতীয় ও শিশু-নারী-পুরুষ মিলিয়ে ২০ জন আহত হয়েছেন। সোমবার যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে বেনাপোলগামী এমএম পরিবহনের যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর বাসচালক বাচ্চু মিয়া (৩৮) মারা যান। ছাতকে স্কুলছাত্রীর শ্লীলতাহানি ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে বখাটে যুবক কর্তৃক সুমেনা বেগম নামের ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে। এ সময় শ্লীলতাহানির পাশাপাশি বখাটের হামলায় স্কুল ছাত্রী গুরুতর আহত হলে তাকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পীরপুর শুকুরুননেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে ২৪ ঘণ্টার মধ্যে বখাটে রানাকে (২৬) গ্রেফতারের আল্টিমেটাম দেয়। থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এ ব্যাপারে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পীরগঞ্জে ‘সারভাইভ ফাইভ ডে’ পালন পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগঞ্জে ‘সারভাইব ফাইব ডে’ পালন করা হয়েছে। সোমবার পীরগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। উপজেলার চতরা ইউনিয়নের ইকলিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সামসুল হক প্রধান অতিথি ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার জাহান বিশেষ অতিথি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার ১০টি ও আখাউড়ার একটি গ্রামের ১৬৩ পরিবারের মাঝে অনুদান হিসেবে ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। গতকাল মঙ্গলবার কেন্দ্রের সুলতানপুর কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ১৪৫ জন ও দুপুরে চম্পকনগর কার্যালয়ে আখাউড়ার আমোদাবাদ গ্রামের ক্ষতিগ্রস্ত ১৮ জনের মাঝে ওই অনুদান দেয়া হয়। অনুদানপ্রাপ্ত প্রত্যেকে পদক্ষেপের সদস্য ও ঋণ গ্রহীতা। বানারীপাড়ায় অ্যাডভোকেসি সভা বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় ‘বাল্যবিবাহ বর্তমান পরিস্থিতি ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওয়ালিউর রহমানের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার উত্তম কুমার রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মোরশেদ আলী। তাড়াইলে বজ্রপাতে নিহত ৩ তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ সোমবার বজ্রপাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনয়নের মাগুরী ও বগাদিয়া গ্রামের তিনজন নিহত ও অন্য এলাকার তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মাগুরী গ্রামের খালপাড় নামক হাওরে ধান কাটতে গিয়ে ওই গ্রামের মো: আপ্তর হোসেন (২৮), মো: শামীম (১৮) এবং বগাদিয়া গ্রামের মো: রোকন (৫৫) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন হাওরে আরো তিনজন আহত হয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।