স্টিভ জবস-এর হাত ধরে প্রযুক্তি বিশ্ব দেখেছে যুগান্তকারী কিছু প্রযুক্তি পণ্য। আইপড, আইফোন, আইপ্যাডের মতো প্রযুক্তি পণ্যকে সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিয়ে স্টিভ জবস বলা যায় অমর হয়ে রয়েছেন প্রযুক্তি বিশ্বের কাছে। অ্যাপল’র এই উদ্ভাবনীর পর থেকে এখন পর্যন্ত বোধহয় প্রযুক্তি বিশ্ব যে পণ্যটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনার মধ্যে রয়েছে, তা হলো গুগল’র গ্লাস। এই গুগল গ্লাসের ঘোষণার পর থেকেই প্রযুক্তি বিশ্বে একে নিয়ে চলছে তুমুল আলোচনা। আনুষ্ঠানিকভাবে গুগল এ সম্পর্কে যতদিন না জানিয়েছে, ততদিন একে নানা ধরনের গুজব ডানা মেলেছে। অবশেষে একে বিশ্ববাসীর সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দিয়েছে গুগল।
বাজারে এসেও এল না গুগল গ্লাস
তবে সাধারণ মানুষের জন্য এখনও সৌভাগ্য হয়নি এই চমকিত ডিভাইসটিকে নিজের করে পাওয়ার। শুধুমাত্র কিছু ডেভেলপারের জন্যই প্রাথমিকভাবে এটি সরবরাহ শুরু করেছে গুগল। প্রায় ২ হাজার ডেভেলপার গুগল গ্লাসের এই পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারের সুযোগ পেয়েছেন। তাদের পরে অবশ্য গুগল নির্বাচিত আরও ৮ হাজার ব্যবহারকারীকে দেওয়া হবে প্রথম সংস্করণের গুগল গ্লাস। এই ১০ হাজার গুগল গ্লাস ব্যবহারকারীদের ব্যবহারের অভিজ্ঞতা থেকেই গুগল চূড়ান্তভাবে বাজারে ছাড়ার জন্য তৈরি করবে গুগল গ্লাস। কাজেই গুগল গ্লাসের নাম শোনার পর থেকেই যারা উত্তেজিত হয়ে রয়েছেন এটি ব্যবহারের জন্য, তাদের আরও কয়েকমাস অপেক্ষায় থাকতে হবে এই ডিভাইসের জন্য।
গুগল গ্লাসের ফিচার
গুগল জানিয়েছে, যেকোনো আকৃতির মুখের সাথে সঠিকভাবে বসে যেতে গুগল গ্লাসে রয়েছে নমনীয় ফ্রেম আর পৃথক পৃথক আকৃতির নোজপ্যাড। এতে যে হাই-ডেফিনেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেটি ব্যবহারকারী থেকে ৮ ফুট দূরত্বে ২৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে প্রদর্শন করবে। এর সাথে স্বাভাবিকভাবেই রয়েছে ক্যামেরা, যাতে ৫ মেগাপিক্সেল রেজ্যুলেশনের ছবি এবং ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে। গান শুনতে এতে রয়েছে বোন কন্ডাকশন ট্রান্সডিউসার। সংযোগের জন্য এটি ব্লুটথের পাশাপাশি ওয়াই-ফাইও সমর্থন করে। গুগল ক্লাউড স্টোরেজ গুগল ড্রাইভের সাথে সিনক্রোনাইজ করে এটি ১২ গিগাবাইটসহ সর্বমোট ১৬ গিগাবাইট স্টোরেজ সমর্থন করে। গুগল জানিয়েছে, সাধারণভাবে ব্যবহার করলে এটি একবার চার্জ দিলে টানা একদিন চলবে। তবে হ্যাংআউট বা ভিডিও কনফারেন্সের মতো কাজে ব্যাটারি খরচ একটু বেশিই হবে। যেকোনো ধরনের ব্লুটুথ ডিভাইসের সাথেই সংযুক্ত হতে পারে এটি। এর জন্য তৈরি বিশেষ মাইগ্লাস অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাইলে অবশ্য অ্যান্ড্রয়েড ৪.০৩ বা তার চেয়ে আপডেট থাকতে হবে। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে জিপিএস এবং এসএমএস চালু করা যাবে।
হাই কনফিগারেশনের গুগল গ্লাস দিয়ে কী করা যাবে, সেটা নিশ্চয় অনুমান করাই যায় কনফিগারেশন থেকে। ছবি তোলা, ভিডিও করা, ভিডিও কনফারেন্স করা, পথ নির্দেশিকা পাওয়া, ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউজ করাসহ প্রায় সব ধরনের কাজই করা যাবে এই গ্লাস ব্যবহার করে। এক কথায় বলতে গেলে, স্মার্টফোনের প্রায় সব ধরনের ফিচারই পাওয়া যাবে গুগল’র এই অভিনব গ্লাসে।
শুরুতেই বিতর্কে গুগল গ্লাস
বাজারে এসেও না আসা এই গ্লাস অবশ্য বিতর্ক উসকে দিতে দেরি করেনি। গুগল গ্লাস প্রোটোটাইপ প্রদর্শনের পর থেকে অনেকেই গোপনীয়তা বিষয়ে প্রশ্ন তুলেছিল। তবে সেই প্রশ্নকেও অনেকেই গুগল’র বিরুদ্ধে অপপ্রচার হিসেবেই দেখেছে। তবে গোপনীয়তার বিষয়গুলো যে অগ্রাহ্য করার মতো নয়, সেটা আবার প্রমাণ হয়ে যায় গুগল গ্লাস আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করার পর থেকেই। প্রাইভেসি নিয়ে যারা কাজ করছেন, তারা শুরু থেকেই সমালোচনার মুখে রেখেছেন গুগল গ্লাসকে। সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ থাকা গুগল গ্লাসে যেকোনো সময় চোখের ইশারায় ছবি তোলা যায় কিংবা ভিডিও করা যায় বলে এটি একটি চলমান ক্যামেরা হিসেবেই কাজ করবে। ফলে এই গ্লাস ব্যবহারকারী নিজেই পাপারাজ্জি হয়ে উঠবে বলে আশংকা প্রকাশ করছেন প্রাইভেসি নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা। লস অ্যাঞ্জেলসের আইনজীবী টিমোথি টুহে বলেন, ‘এটা তো কেবল শুরু, গুগল গ্লাস অনেক বিতর্কই তৈরি করবে।’ আরেক আইনজীবী ক্যারেন স্টিভেনসন বলেন, ‘আমরা এখন সকলেই পাপারাজ্জি এবং পাপারাজ্জির লক্ষ্য।’
আসলে প্রতিমুহূর্তে গুগল গ্লাস এত বৈচিত্র্যময় কাজ করতে সক্ষম যে এটি ব্যক্তি জীবনের গোপনীয়তা লঙ্ঘন করবে, এতে দ্বিমত পোষণ করার মতো মানুষ কমই রয়েছে। তাছাড়া এটি রাস্তায় ড্রাইভারদের মনোযোগ ব্যাহত করবে বলেও মনে করেন অনেকেই। এর মাধ্যমে যা দেখছেন, তা কাউকে না জানিয়েই ভিডিও করা যায়। ফলে এটি বিভিন্ন স্থানের গোপনীয়তাকে উন্মোচন করে দেবে বলেই ধারণা তাদের। ফলে গুগল গ্লাস নিয়ে বিতর্ক থাকছেই।
