বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়া পণ্য উত্পাদনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।
এ সময় শামছু ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, গোপাল অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, মস্তকিন স্টোরকে ১০ হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে ১০ হাজার টাকা এবং দীপক ভেরাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় রমজান মাসে যানজট নিরসনের লক্ষ্যে বড়লেখা সদরে রাস্তার দুইপাশের ২০ অবৈধ ব্যবসায়ীকে সরিয়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন বলেন, ‘মাসব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে, জুড়ী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৫’শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছেং — বড় মসজিদ রোডের ইষ্টিকুটুম মাংসের দোকান, কামিনীগঞ্জ বাজারের বিসমিল্লাহ সবজি ভান্ডার, ভবানীগঞ্জ বাজারের আতিক স্টোর ও আল আমিনের ফলের দোকান, নিউ মার্কেট এলাকার বাবুল মিয়ার সবজির দোকান। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর অবস্থায় ফ্রিজে মাংস সংরক্ষণ করে বিক্রয় করা, মূল্য তালিকার নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্য রাখাসহ বিভিন্ন অপরাধে ইষ্টিকুটুম মাংসের দোকানকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ সবজি ভাণ্ডারকে ৩ হাজার টাকা, আতিক স্টোরকে ২ হাজার টাকা, আল আমিনের দোকানকে ২ হাজার টাকা, বাবুল মিয়ার সবজির দোকানে ৫ শত টাকাসহ মোট ১০ হাজার ৫’শত টাকা জরিমানা করা করা হয়।
