পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ফেরি করে গ্রাহকদের বাড়ি বাড়ি বিদ্যুত্ সংযোগ দিচ্ছে পল্লী বিদ্যুত্ বিভাগ। আলোর ফেরিওয়ালা নামের কার্যক্রমের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুত্ সংযোগসহ বিভিন্ন গ্রাহক সেবা প্রদানের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেবা গ্রহণের লক্ষ্যে ভ্যান গাড়ি থেকে মাইকিং করা হচ্ছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আবুবকর সিদ্দীকী জানান, গ্রাহকদের বিভিন্ন পল্লী বিদ্যুত্ অফিসে গিয়ে যাতে হয়রানির শিকার হতে না হয় সেজন্য অফিসগুলো নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এতে আটটি উপজেলায় ১০৪টি দল কাজ করে যাচ্ছে। এছাড়া জোনাল অফিসগুলোতেও বসানো হয়েছে হেল্প ডেস্ক। গ্রাহকরা বিভিন্ন আবেদন, বিদ্যুত্ বিল পরিশোধ, জামানত জমা ও উত্তোলনসহ যেকোনো সেবা এই হেল্প ডেস্ক কর্নারের মাধ্যমে গ্রহণ করতে পারছেন।
