রামগতিতে ফণীর আঘাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে -----------------------মতিয়া চৌধুরী

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৫০

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে পুনর্বাসন করা হবে। কোনো মানুষ না খেয়ে মরবে না। কোনো মানুষ আশ্রয়হীন থাকবে না। এটা শেখ হাসিনা সরকারের অঙ্গীকার। মঙ্গলবার বিকালে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার আ স ম আবদুর সরকারি কলেজ মাঠে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-হানিফ এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে চিকিত্সারত অবস্থায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে পুনর্বাসন করা হবে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত ত্রাণ সরবরাহ অব্যাহত থাকবে। বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, তারা এখন দেউলিয়া হয়ে যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, স্থানীয় সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।