খুলনার কয়রা উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সমন্বয়হীনতার কারণে ২০৩২টি দুঃস্থ পরিবারের মাঝে ভিজিডির চাল বিতরণ ৪ মাস যাবত্ বন্ধ রয়েছে। দুঃস্থরা বার বার পরিষদে এসেও ভিজিডি প্রাপ্তির কোন নিশ্চয়তা পাচ্ছেন না। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ২০৩২টি হতদরিদ্র পরিবার ভিজিডির চাল না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে। জানা গেছে, চলতি বছর উপজেলার সাতটি ইউনিয়নে ভিজিডি চাল বিতরণের জন্য ২৫০২টি কার্ড বরাদ্দ দেয়া হয়। কিন্তু চেয়ারম্যান ও মেম্বরদের সমন্বয়হীনতা ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে গত ৪ মাস যাবত্ দুঃস্থরা তাদের প্রাপ্ত থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫নং কয়রা সদর ইউনিয়নের ৪৭০টি কার্ডধারী দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হলেও বাকি ৬টি ইউনিয়নের ২০৩২টি দুঃস্থ পরিবারের নামে তালিকা অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়নি। ৪নং মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুজ্জামান জানান, পরিষদের সদস্যদের কাছ থেকে প্রাথমিক তালিকা না পাওয়ায় তালিকা চূড়ান্ত করা সম্ভব হয়নি। যে কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, সময়মত তালিকা না পাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
