গুরুদাসপুরে মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:২৩
নাটোরের গুরুদাসপুর উপজেলার আলিপুর দাখিল মাদরাসায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে হরিলুটের অভিযোগ উঠেছে। এ অভিযোগে স্থানীয় লোকজন জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন। জানা গেছে, আলীপুর দাখিল মাদরাসার মাঠ সংস্কারের জন্য প্রথম পর্যায়ে সাংসদের বিশেষ বরাদ্দ থেকে ছয় টন চাল বরাদ্দ দেয়া হয়। ওই মাদরাসার অফিস সহকারী হাসমত আলী প্রকল্পের সভাপতি ছিলেন। কিন্তু সেখানে উন্নয়ন কাজ তেমন হয়নি। এ নিয়ে এলাকার মানুষ জেলা প্রশাসক-উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিন খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিন্তু প্রকল্পের সভাপতি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারছে না বলে তারা জানান। এ ব্যাপারে প্রকল্পের সভাপতি হাসমত আলী বলেন, তাকে প্রকল্পটি দেয়া হয়েছিল। তিনি বরাদ্দকৃত চালের ডিমান্ড অর্ডার (ডিও) হাতে পাননি। উপজেলা আওয়ামী লীগের এক নেতা তাকে প্রতিটন চালের বিপরীতে ১৪ হাজার ৫০০ টাকা করে ধরিয়ে দিয়েছেন। ওই টাকা তার বাড়িতে পৌঁছাতে অর্ধেক হয়ে গেছে। কাজ করতে পারেননি। গুরুদাসপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকাররম হোসেন বলেন, আমি এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি।