দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রাক ভাড়া বেড়েছে ৩৫ ভাগ

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:২৪
হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতা শুরুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রাক ভাড়া ৩০ থেকে ৩৫ ভাগ বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে পণ্যমূল্যের উপর। হরতাল অবরোধের দিন ও আগের দিন ট্রাক পোড়ানো ও ভাংচুরের ঘটনা ঘটতে থাকায় অনেক ট্রাক মালিক রাস্তায় গাড়ি বের করছেন না। যারা ঝুঁকি নিয়ে রাস্তায় ট্রাক নামাচ্ছেন তারা অতিরিক্ত ভাড়া হাকছেন। কয়েকজন আলু ব্যবসায়ী বলেন, রংপুর থেকে খুলনা পর্যন্ত আলু বহনে ট্রাকের ভাড়া ছিল ১৭-১৮ হাজার টাকা। এখন তা ১০ হাজার টাকা বেড়ে ২৭-২৮ হাজার টাকা হয়েছে। রংপুর থেকে ঝিনাইদহে আলু বহনের ট্রাক ভাড়া ছিল ১৪- ১৫ হাজার টাকা। এখন নেয়া হচ্ছে ২২-২৩ হাজার টাকা। মেহেরপুর থেকে ঢাকায় পণ্য পরিবহনে ট্রাক ভাড়া ছিল ১৭-১৮ হাজার টাকা। এখন বেড়ে হয়েছে ২৭-২৮ হাজার টাকা। খুলনা বিভাগীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হবু বলেন, গাড়ি পোড়ানো ও ভাংচুরের জন্য অনেক ট্রাক মালিক ঝুঁকি নিয়ে ভাড়ায় ধরছেন না। যারা ঝুঁকি নিচ্ছেন, তারা বেশি হারে ভাড়া নিচ্ছেন বলে জানান। ঝিনাইদহের কয়েকজন ট্রাক মালিক বলেন, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বাইরের ভাড়া ধরছেন না। দূরের ভাড়ায় ট্রাক পাঠিয়ে সব সময় টেনশনে থাকতে হয় বলে জানান।