গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গা রেলস্টেশন গত ২ বছর ধরে বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রকাশ, ঢাকা-রংপুর রেলরুটে আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে ওই ট্রেনে তত্কালীন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন ঢাকা ফিরছিলেন। পথে নলডাঙ্গা রেলস্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির দাবিতে হাজার হাজার মানুষের অবরোধের মুখে নলডাঙ্গায় ট্রেনটি যাত্রাবিরতি করে। স্থানীয় জনতার দাবির মুখে ওই স্টেশনে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রাবিরতিরও প্রতিশ্রুতি দেন যোগাযোগ মন্ত্রী। কিন্তু পরবর্তীতে কয়েকদিন যাত্রাবিরতি করার পর ট্রেনটি স্টেশনে নিয়মিত না থামার কারণে স্থানীয় জনতা আবারো ট্রেনটি অবরোধ করে। এক পর্যায়ে স্টেশনটিও ভাংচুর করা হয়। সেই থেকে স্টেশনটি ক্লোজ ডাউন করা হয়। এ ব্যাপারে রেলওয়ের লালমনিরহাট অঞ্চলের ডিটিএস জানান, জনবল সংকটের কারণে স্টেশনটির ক্লোজড ডাউন তুলে নেয়া যাচ্ছে না।
