কুমিল্লায় গৃহকর্মী জালাল হত্যা মামলা ডিবিতে

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:২৫
অবশেষে কুমিল্লার আলোচিত গৃহকর্মী জালাল হত্যা মামলা জেলা গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে দৈনিক ইত্তেফাকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে কোতয়ালী মডেল থানা থেকে ডিবিতে স্থানান্তর করা হয়। জানা যায়, মহানগরীর চকবাজার এলাকার বাসিন্দা ধনাঢ্য ব্যবসায়ী ফরিদ উদ্দিন আহমেদের পুত্র নিজাম উদ্দিন আহমেদ গত ১০ ফেব্রুয়ারি তাদের বাসার গৃহকর্মী জালাল ডায়রিয়ায় আক্রান্ত হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেন। এ মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. সাইদুর রহমান গৃহকর্মী জালালের শরীরের ১০/১৫টি স্থানে মারাত্মক জখমের চিহ্ন দেখে তাকে নির্যাতন করে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আইয়ুবকে তা অবহিত করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে নিজে বাদী হয়ে পরদিন গৃহকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও তার বোন শিরিন আক্তার চৈতীসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।