নীলফামারী জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুরের আবাসিক এলাকায় একের পর এক গড়ে উঠছে গুল ফ্যাক্টরি। ফলে এখানকার বাতাসে উড়ছে তামাকের গুড়া। পরিবেশের উপর বিরূপ প্রভাব বিস্তারকারী এ গুল ছড়িয়ে পড়েছে শহরময়। এর ঝাঁঝালো গন্ধে বিষাক্ত ও দূষণমুক্ত হয়ে পড়েছে পরিবেশ। জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর এই গুল ফ্যাক্টরির কারণে স্বাভাবিকভাবে বসবাস করাও দুরূহ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। সৈয়দপুর শহরের বাঁশবাড়ি, নতুন বাবুপাড়া, হাজী কলোনী, মিস্ত্রিপাড়া, গোলাহাটসহ কয়েকটি আবাসিক এলাকায় গড়ে উঠেছে এসব গুল ফ্যাক্টরি। এসব ফ্যাক্টরিতে তামাক পাতা ভাজার পর হলার মেশিনে গুঁড়া করা হয়। দিন-রাত অনবরত গুল ফ্যাক্টরিগুলোতে তামাক গুঁড়া করার সময় তা বাতাসে ছড়িয়ে পড়ছে চারপাশে। গুলের ঝাঁঝালো গন্ধে এলাকার পরিবেশ চরমভাবে দূষিত হওয়ায় স্বাভাবিক বসবাস করাও কষ্টকর হয়ে পড়েছে।
চোখ, নাক ও মুখে তামাক গুঁড়া ঢুকে শ্বাসকষ্ট, হুপিং কাশি, নিউমোনিয়া, যক্ষ্মাসহ চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে। এ ব্যাপারে পৌরসভার ওযার্ড কাউন্সিলর, পৌর মেয়র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হলেও কেউ কোন পদক্ষেপ নেয়নি।
