রায়গঞ্জে একটি গ্রামে গুরুত্বপুর্ণ অংশ বাদ দিয়ে পক্ষপাতদুষ্ট মাস্টার প্লানের মাধ্যমে পল্লী বিদ্যুতায়নের কাজ চলছে। বিষয়টি অভিজ্ঞ মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়ন-ধানগড়া’র ঝাপড়া কালীচরণ গ্রামে। এব্যাপারে গ্রামবাসী মাস্টার প্লান সংশোধন করে পুরো গ্রাম বিদ্যুতায়নের জন্য সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির (সিপবিস) জিএম বরাবর আবেদন করেছেন। স্থানীয় এমপি, সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার আবেদনের যৌক্তিকতা উপলদ্ধি করে তা বাস্তবায়নের সুপারিশ করেছেন। গ্রামবাসী জানান, মাস্টারপ্লানটি সকলের মতামত যাচাই করে করলে বরাদ্দকৃত মালামালেই পুরো গ্রাম বিদ্যুতায়ন করা সম্ভব হতো। যে এলাকা দিয়ে স্ট্যাকিং ডিজাইন করা হয়েছে তার একপ্রান্তে কোন গ্রাহক নেই। অথচ গ্রামবাসীর চাহিদা মাফিক জ্যামিতিক ভাবে খুঁটি গুলি গ্রামের মধ্যস্থল দিয়ে সাজানো হলে সরবরাহ লাইনের উভয় পাশের কলকারখানাসহ সকল বাড়ি সংযোগ পেতো এবং বরাদ্দকৃত ১৬টি খুঁটিতেই পুরো গ্রামের মসজিদ তাঁত কারখানাসহ ১০৫টি বসতবাড়িতে সংযোগ পাওয়া সম্ভব ছিল। অথচ সেখানে মাত্র ৬৫ সংযোগের ব্যবস্থা রেখে মসজিদ ও কয়েকটি তাঁত কারখানাসহ ৪০টি বাড়ি বাদ দেয়া হয়েছে। একারণে তারা পুনঃ জরিপ করে মাস্টার প্লানটি সংশোধন ও সমপ্রসারণ করে পুরো গ্রাম বিদ্যুতায়নের দাবি জানান।
