গোদাগাড়ীতে আদিবাসীর জমি দখল করে বাড়িঘর নির্মাণ করেছে এক প্রভাবশালী। এলাকাবাসী জানায়, উপজেলার রিশিকুল ইউনিয়নে ছাত্রনীপাড়া গ্রামে ব্রজেন উরাও’র ছেলে অলন্ত উরাও’র ১ বিঘা ৬ কাঠা জমিতে ১০টি আমের গাছ লাগানো ছিল। গত রবিবার রাত দেড় টার দিকে ছাত্রনীপাড়া গ্রামে আতাউর রহমানের ছেলে মজিবুর রহমান ও তার লোকজন আম গাছ কেটে জমি দখল করে বাঁশ, খুঁটি ও টিনের ছাউনি দিয়ে বাড়িঘর নির্মাণ করে। গত সোমবার সকালে আদিবাসীরা অবৈধ বাড়িঘর উচ্ছেদ করতে গেলে মজিবুর ও তার লোকজন আদিবাসীদের ধাওয়া করে। এই ব্যাপারে কাঁকনহাট পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে পুলিশ ভূমিদস্যু মজিবুর রহমানের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। গতকাল বুধবার সকালে ছাত্রনীপাড়া গ্রামের শতাধিক নারীসহ আদিবাসীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে মজিবুরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তুহিনুর আলম বলেন, আদিবাসীদের অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
