নলডাঙ্গা স্কুলে মেঘ দেখলেই ছুটি হয়

আপডেট : ০৯ মে ২০১৩, ২১:০৯
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার পশ্চিম মান্দুয়ারপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ঘরটি কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে গেছে। এখন খোলা আকাশের নিচে চলছে পাঠদান। তবে আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি দিয়ে দিতে হয়। শিক্ষার্থীরা জানান, ভর্তিকাল থেকে নিয়মিত ক্লাস করে আসছি কিন্তু বর্তমানে স্কুলটির ঘর না থাকায় আমাদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। তবে আকাশের মেঘ দেখলেই বই-খাতা কাদে নিয়ে ভো-দৌড় দিতে হয়। ফলে লেখাপড়ার চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, বিগত ২০০৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২শ’ ৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তিনি আরো জানান, প্রাকৃতিক দুর্যোগে বিদ্যালয়ের ক্ষতি সাধন হওয়ায় পুনঃ মেরামতের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে আর্থিক বরাদ্দের আবেদন করা হয়েছে।