দু’দিনে ঝড় ও বজ্রপাতে নিহত ১২ আহত ২শ’

আপডেট : ০৯ মে ২০১৩, ২১:০৯
বুধবার কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে দেশের কয়েকটি জেলায় ১২ জন নিহত ও প্রায় ২শ’ মানুষ আহত হয়েছে। বহু গ্রাম লণ্ডভণ্ড হয়েছে। কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে কয়েকশ’। খবর পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতারা। হবিগঞ্জ দু’দিনের ভারি বৃষ্টিপাতে হবিগঞ্জের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে গেছে। বৃষ্টির পানি জমে পৌর এলাকার শায়েস্তানগর, নয়াহাটি, মোহনপুর, শ্যামলী, বদিউজ্জামান খান সড়কসহ অনেক স্থানে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝড়ের কারণে জেলা সদরসহ বিভিন্ন এলাকা বুধবার ১২টা পর্যন্ত বিদ্যুত্ বিচ্ছিন্ন ছিল। ঝড়ে রাস্তার পাশের বিদ্যুতের মেইন লাইনের গাছ ভেঙে পড়ায় ভোর ৬টা থেকে বিদ্যুত্ বন্ধ করে দেয়া হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের কুনাপুর গ্রামে দুপুরে ঝড়ে বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি ও গাছপালা। অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সময় বিদ্যাকুট ও বীরগাঁও ইউনিয়নে বজ্রপাতে দু’জন নিহত হয়েছে। নিহত ১ জন মো. বাছির মিয়া (২৮)। বজ্রপাতে বিদ্যাকুট উত্তরপাড়ার মালাম মিয়ার ছেলে বাসির মিয়া (৩৪) গুরুতর আহত হয়। অপরদিকে একই সময় উপজেলার বীরগাঁও ইউনিয়নের হরিপুর গ্রামের নোয়াব আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪৫) বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। রামগড় (খাগড়াছড়ি) রামগড় উপজেলার তিনটি ইউনিয়নে দু’দিনের কালবৈশাখী ও বজ্রপাতে শিশুসহ দু’জন নিহত হয়েছে। একটি স্কুলসহ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে দুই শতাধিক। গতকাল দুপুরে প্রচণ্ড বজ্রপাত হতে থাকে। বজ পাতে পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় আব্দুল মালেক (৪৫) নামে এক মুদি দোকানদার মারা গেছেন। ঐ সময় তিনি নিজ দোকানে বসেছিলেন। মঙ্গলবার ঝড়ে ঘরচাপা পড়ে উপজেলার হাফছড়িতে ইমরান হোসেন (১১) নামে এক শিশু প্রাণ হারায়। ঝড়ে ঐ ইউনিয়নে রিয়ং মরম সরকারি উচ্চ বিদ্যালয় ভবনসহ বিভিন্ন গ্রামে ১৫৫টি কাঁচাঘর এবং রামগড় ও পাতাছড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেন। জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৪৫) নামের এক কৃষক বজ পাতে নিহত হন। মঙ্গলবার রাতে এক সন্তানের জনক বেল্লাল বাড়ির সামনে মাছ শিকার করার সময় বজ পাতে মারা যায়। ৫ মে বজ পাতে উপজেলার গোলবুনিয়া গ্রামের মনোজ সিকদার নামে এক কৃষকের মৃত্যু হয়। নান্দাইল (ময়মনসিংহ) নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের ধনারামা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বজ্রপাতে কাজল মিয়া (৩৫) নামে এক হাঁসপালক নিহত হয়েছেন। তার বাবার নাম শহর আলী। ওই গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি তার বাড়ির সামনের স্থানীয় শাহ্জাহান স্যারের মাজারের পাশের একটি ঝিলে হাঁস পাল নিয়ে খাবার খাওয়াতে গিয়েছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টির একপর্যায়ে বজ্রপাতে কাজলের শরীরের এক অংশ ঝলসে যায় এবং তার সাথে থাকা মোবাইল সেটটি বিস্ফোরিত হয়ে পুড়ে গেছে। বজ্রপাতের সময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন। বজ্রপাতে কাজল মিয়ার ২৫টির মতো হাঁসও মারা গেছে। তালা (সাতক্ষীরা) সাতক্ষীরার তালায় বজ্রপাতে আব্দুল হান্নান (৪৩) নামের এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মোবারকপুর গ্রামের ওয়াপদা বেড়িবাঁধ এলাকার মুনছুর আলীর পুত্র। বুধবার সকালে সে বাগেরহাট এলাকায় তরমুজ কিনতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পাথরঘাটা (বরগুনা) বুধবার রাতে কালবৈশাখি ঝড়ে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব কালমেঘা গ্রামে একই পরিবারের তিনজন মারা গেছে। কমপেক্ষ ২০ জন আহত হয়েছে। এছাড়া ঝড়ে প্রায় ৫০টিরও বেশি কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত ঘরটির মালিক ইব্রাহীম জানিয়েছেন, রাত আড়াইটার দিকে প্রচন্ড ঝড়ে বেড়ীবাঁধের বাইরে অবস্থিত তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এসময় ওই ঘরে মোট আটজন লোক ছিল। এর মধ্যে তার স্ত্রী ফেরদৌসি (৩০), ছেলে ফয়সাল (৩), ভাইয়ের স্ত্রী পারভীন (৩০) নিহত ও বাকি পাঁচজন আহত হয়েছে। এছাড়াও উপজেলার কাকচিড়া, রায়হানপুর ও সদর ইউনিয়নের শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরও ১৫ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সরাইলে বুধবার সকালে বজ্রপাতে দুই ধান কাটার শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন চার শ্রমিক। গ্রামবাসী জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে ফসলি মাঠে ধান কাটতে যায় ৬ কৃষি শ্রমিক। সকাল সাড়ে দশটার দিকে বজ্রপাতে আনোয়ার হোসেন ও আনসর আলী ঘটনাস্থলেই মারা যান। আনোয়ার হোসেন দিঘীরপাড় গ্রামের আবু সায়েদ মিয়ার ছেলে। আর আনসর আলী বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। আহত মিলন মিয়া (৩৫), আব্দুল মান্নান (৪৫), হাবিব মিয়া (৩৫) ও জামাল উদ্দিনকে উদ্ধার করে চিকিত্সা দেয়া হয়েছে।