রাজৈরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও লুটপাট আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। গত বুধবার গভীর রাতে রাজৈর ও মুকসুদপুর উপজেলা সীমান্তের খালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজ হাওলাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
জানা যায়, বুধবার গভীর রাতে ৫/৬ জনের ডাকাত দল জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে কর্মকাণ্ড চালাতে থাকে। গৃহকর্তা আজিজ হাওলাদার ডাকাতের উপস্থিতি টের না পেয়ে প্রকৃতির ডাকে বাইরে যায় এবং ঘরে প্রবেশের সময় ভেতরে থাকা ডাকাতদের বাধার সম্মুখীন হয়। এসময় গৃহকর্তার সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় বাড়ির লোকজনের চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল পালাতে থাকে। এলাকাবাসীও তাদের পিছু ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে যায়। পুলিশ জানায়, নিহত ডাকাত উপজেলার আলমদস্তার গ্রামের সালাম গাজীর ছেলে আজিজুল গাজী। গত মঙ্গলবার রাতে একই গ্রামে ডাকাতি হয় এবং অপর দুই বাড়িতে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যায়।
