ভূঞাপুরে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৯ মে ২০১৩, ২১:১১
ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে জনপ্রতি ৫ কেজি কম দেয়ার অভিযোগ উঠেছে। আর বিতরণকৃত চাল অত্যন্ত নিম্নমানের। জানা যায়, দরিদ্র জনগোষ্ঠী উন্নয়ন প্রকল্পের আওতায় ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নে ২৭৫জন দরিদ্রের মধ্যে ৩০ কেজি হিসেবে গম বিতরণের কথা। কিন্তু সরকারিভাবে গমের পরিবর্তে চাল বিতরণের সিদ্ধান্ত থাকায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়। এক্ষেত্রে গমের চেয়ে চালের মূল্য বেশি হওয়ায় স্থানীয়ভাবে জনপ্রতি ৩০ কেজি গমের পরিবর্তে ২৪ কেজি ৩৯০ গ্রাম চাল বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু গোবিন্দাসী ইউনিয়নে চাল বিতরণকালে জনপ্রতি গড়ে ৫কেজি চাল কম দেয়া হয়েছে। সাফলকুড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, ‘৩০ কেজি গমের পরিবর্তে ২৪ কেজি চাল দেয়ার কথা। কিন্তু চাল দেয়া হয়েছে কাউকে ১৮ আবার কাউকে ১৯ কেজি। আর প্রতিবাদ করেও লাভ হয়নি।’ নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দাসী ইউনিয়নের একাধিক ইউপি সদস্য বলেন, ‘চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউপি সচিব মো. শেখ ফরিদের একক সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতার কারণেই এ অনিয়মের সৃষ্টি হয়েছে। আর এ কারণে জনপ্রতিনিধিদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে।’ চাল কম দেয়ার বিষয়টি স্বীকার করে গোবিন্দাসী ইউপি সচিব মো. শেখ ফরিদ বলেন, ‘বিভিন্ন খরচের কারণে জনপ্রতি ২৪ কেজির স্থলে ২১/২২ কেজি করে চাল দেয়া হয়েছে।’