এজ গ্যালারিতে চলছে প্রদর্শনী
ইত্তেফাক রিপোর্ট
শিল্পী অনুকুল চন্দ্র মজুমদারের ১২তম একক চিত্র প্রদর্শনী চলছে রাজধানীর গুলশান-২ এভিনিউ-এর এজ গ্যালারিতে। এজ গ্যালারির আয়োজনে ‘ডন অব ব্ল্যাক’ শীর্ষক এই প্রদর্শনী চলবে আগামী ১৬ মে পর্যন্ত। প্রদশর্নীর চিত্রকর্মগুলোতে বাঙালি ও বাংলারই রূপ উঠেছে। শিল্পী অনুকুল মজুমদার যত্ন নিয়ে কাজ করেন। প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ে আঁকা ৭৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এ সবের মধ্যে আমাদের শহর, এই নদী, আকাশ, পাহাড়, বিশাল গাছের ঘন ছায়ার পাদদেশ, তার মাঠ, মা ও সন্তান, পারিপার্শ্বিকতা, পরিবারসহ নানা বিষয়ের ছবিগুলো বিশেষভাবে উল্লেখ করা যায়। চিত্রকর্মগুলো শিল্পীর নিজস্ব রংয়ে, আবহে, ঢং-এ প্রতিটি শিল্পকর্ম স্বতন্ত্র হয়ে উঠে এসেছে। বলা চলে শিল্পীর বোধনের ও স্বপ্নের গল্পমালা। সমাজের নানা চিত্রের বিষয় হলেও শিল্পী এঁকেছেন দিন-রাত্রির নিদারুণ দেখা গল্পের পাণ্ডুলিপি এবং স্বপ্ন পূরণের গল্প।
শিল্পী অনুকুল মুজমদার জানান, বেদনা ও দুঃস্বপ্নের মাঝেও রোদের ফালি গায়ে লাগাতে চায় মানুষ। সেসব কথাই ক্যানভাসে বলতে চেয়েছি। একটা সুন্দর ভোর হওয়ার গল্প, চাঁদনী রাতের গল্প, বিশাল মাঠের সন্ধ্যা নামার গল্প আমাদের প্রতিদিনের গত্বাঁধা জীবনের মাঝেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এসবই আঁকার চেষ্টা করেছি।
সম্প্রতি, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু এই প্রদর্শনী উদ্বোধন করেন এবং আলোচনায় অংশ নেন বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম। স্বাগত ভাষণ দেন এজ গ্যালারির স্বত্বাধিকারী পিন্টু খান। প্রদর্শনী চলবে ১৮ মে পর্যন্ত।
