এএসআই সাসপেন্ড
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর শাহবাগ থানায় পুলিশের বিশ্রাম কক্ষ থেকে ১টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। গত রবিবার এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হলেও তাকে গ্রেফতার করা যায়নি। সেই যুবকের পরনে ছিল গ্যাবার্ডিন প্যান্ট ও সাদা স্ট্রাইপ শার্ট। পিঠে ঝোলানো ছিল ব্যাগ। মুখে লম্বা দাড়ি। মাত্র তিন মিনিটের মধ্যে সে থানা চত্বরে ঢুকে পুলিশ কর্মকর্তাদের বিশ্রাম কক্ষে যায় এবং বেরিয়ে আসে। এরপর দেখা যায়, এএসআই হিমাংশু সাহার অস্ত্র ও গুলি উধাও। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ঘটনাটির তদন্ত চলছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে। অস্ত্র হেফাজতে রাখতে ব্যর্থ হওয়ায় এএসআই হিমাংশু সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সূত্র জানায়, রবিবার দুপুরে দায়িত্ব পালন শেষে থানা ভবনের দোতলায় বিশ্রামকক্ষে ফেরেন এএসআই হিমাংশু। এরপর দুপুর ২টা ২৫ মিনিট থেকে পরের দুই ঘণ্টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে।
