লাহোরে মাজার গেটে বিস্ফোরণ, নিহত আট

আপডেট : ০৮ মে ২০১৯, ২২:০২

পাকিস্তানের লাহোর শহরে একটি মাজারের কাছে বিস্ফোরণে অন্তত আট জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। রোজা শুরুর একদিন পর বুধবার সকালের এ হামলায় নিহতদের মধ্যে পাঁচ পুলিশ ও তিন বেসামরিক রয়েছেন বলে জানিয়েছে দ্য ডন।

স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের দাতাগঞ্জে বক্শ এর দরবারের কাছে এলিট ফোর্সের গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়, যাকে আত্মঘাতী হামলা বলে বর্ণনা করেছেন পুলিশ কর্মকর্তারা।

তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ‘দাতা গঞ্জে বক্শ’ নামে পরিচিত প্রখ্যাত সূফি আলি বিন উসমান আল হাজভেরির মাজার ‘দাতা দরবার’ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মাজার। প্রতি বছর অসংখ্য ভক্ত এই মাজারটি দেখতে আসেন।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দাতা দরবারের দুই নাম্বার গেটের কাছে এলিট ফোর্সের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা ছিল বলে তাদের সন্দেহ এবং পুলিশের টহল দল লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।

বোমাটিতে সাত কিলোগ্রাম বিস্ফোরক ছিল বলে প্রাথমিক তদন্তে উদ্ঘাটিত হয়েছে। বিস্ফোরণে নিহতদের মধ্যে এলিট ফোর্সের পাঁচ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছেন পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আরিফ নেওয়াজ। হামলার তিন বেসামরিকও প্রাণ হারিয়েছেন। তিনি বলেছেন, “হামলাটি ১০০% পুলিশকে লক্ষ্য করে চালানো হয়েছে।”

নিরাপত্তা নিশ্চিত করতে মাজারটির চারদিকে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।

হামলাকারী যে দিক থেকে এসে হামলাটি চালিয়েছে তাতে আরও ক্ষয়ক্ষতি হতে পারতো, কিন্তু মাজারের নিরাপত্তায় পুলিশের গাড়ি মোতায়েন থাকায় আর সেটি হামলাকারীর সামনে পড়ে যাওয়ায় তা হয়নি বলে জানিয়েছেন তিনি।