হ্যারিকে ‘অন্তহীন রাত’ জাগার প্রস্তুতি নিতে বললেন উইলিয়াম

আপডেট : ০৮ মে ২০১৯, ২২:০৩

বিবিসি

সদ্য ভূমিষ্ঠ শিশুদের খুব অল্প সময়ে খিদে পায়, আর অল্প সময়ের ব্যবধানেই তারা প্রাকৃতিক কর্মটি সেরে ফেলে। সেকারণে পৃথিবী জুড়েই রাতের বেলা শিশুর খাওয়া আর ন্যাপি বদলের কাজে নতুন বাবা-মায়েদের অন্যতম বড় চ্যালেঞ্জগুলোর একটি, অন্তহীন রাত জেগে থাকা। আর এ নিয়মেই মাত্র একদিন আগে বাবা হওয়া ব্রিটিশ রাজকুমার প্রিন্স হ্যারিকে সাবধান করেছেন বড় ভাই প্রিন্স উইলিয়াম।

প্রিন্স হ্যারির পিতৃত্বের খবরে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ডিউক অব ক্যামব্রিজ মজা করে ভাইকে ‘নিখিল নিদ্রাহীন সমাজে’ স্বাগত জানিয়েছেন। ৬ মে প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের প্রথম সন্তানের জন্ম হয়। রাজপরিবারের এই নতুন সদস্য আগমনের উচ্ছ্বাস একটু কমলে পর তিন সন্তানের বাবা প্রিন্স উইলিয়াম তাকে দেখতে যাবেন বলে জানিয়েছেন। ডাচেস অব ক্যামব্রিজকে নিয়ে গ্রিনউইচে এক অনুষ্ঠানে গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।