উত্তরাঞ্চলে সয়াবিন চাষের ব্যাপকতা বেড়েছে। চলতি বছর এ অঞ্চলে দেড় হাজার বিঘা জমিতে সয়াবিন চাষ করে কৃষক ব্যাপকভাবে লাভবান হয়েছে। এতোদিন সয়াবিনের চাষ হতো দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল ও ফরিদপুর জেলাগুলোতে। এবার সে সয়াবিন চাষ হয়েছে উত্তরাঞ্চলের নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া ও ঠাকুরগাঁও জেলায়। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কৃষক আসাদুজ্জামান আশা জানান, এবার এপেক্স অর্গানিক সয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগিতায় ৫০ শতক জমিতে সয়াবিন চাষ করেছেন তিনি। এজন্য খরচ হয়েছে ছয় হাজার টাকা। উত্পাদন হয়েছে ১৬ মণ সয়াবিন। যার বাজার মূল্য ১৯ হাজার ২শ’ টাকা। অপেক্ষাকৃত অনুর্বর জমিতে স্বল্প খরচ এবং কম শ্রমে ১২০ দিনের ব্যবধানে খরচ বাদে তার লাভ হয়েছে ১৩ হাজার ২শ’ টাকা। জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের কৃষক আকবর আলী দেড় একর, আব্দুল মান্নান ২৫ শতক এবং মকবুল হোসেন ৫০ শতক জমিতে সয়াবিন চাষ করে লাভবান হয়েছেন। কৃষকেরা জানান, এসকল জমিতে অন্য ফসল চাষ করে এ পরিমাণ লাভ করা সম্ভব হয় না। উত্পাদিত ফসল ওই কোম্পানীর কাছে নির্ধারিত মূল্যে বিক্রী করেছেন তারা।
