সারিয়াকান্দিতে প্রত্যন্ত গ্রাম ও যমুনার দুর্গম অবাধে গাঁজার চাষ হলেও অজ্ঞাত কারণে প্রশাসন নীরব। যমুনার চর উত্তর ধারাবর্ষা, শংকরপুর, কমলপুর, ইন্দুরমারাচর, নান্দিনারচর, টেঙরাকুরা, জামথল, হাটবাড়ি, মানিকদাইর, করমজাপাড়া, বেড়াপাঁচবাড়িয়া, পাকেরদহ ও হাটশেরপুরের তাজুরপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত্ অবাধে গাঁজা চাষ হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন উল্লেখিত দুর্গম এলাকায় নজরদারি না থাকার কারণে চরের এক শ্রেণির মাদক ব্যবসায়ী লোকালয় বিহীন চরে গাঁজা চাষ করে থাকে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন গাঁজা ব্যবসায়ী জানান, উত্পাদনকারীদের নিকট থেকে ৭/৮ হাজার টাকা কেজি দরে গাঁজা কেনা হয়ে থাকে। এই গাঁজা সারিয়াকান্দি, সোনাতলা, মহাস্থান ও জামালপুর জেলার মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন বাজারে গোপনে চড়া দামে বিক্রি করা হয়ে থাকে। তাজুরপাড়া গ্রামের মিটুল মিয়ার বাড়িতে দীর্ঘদিন যাবত্ গাঁজার চাষ হলেও থানায় অভিযোগ করে লাভ হয়নি বলে গ্রামবাসীরা জানান। মিটুলের পিতা সাবেক ইউপি মেম্বার মজনু মিয়া জানান, ছেলেকে গাঁজা চাষে বারণ করলে তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। উল্লেখ্য, সারিয়াকান্দি বাজারের বিভিন্ন স্থানে সন্ধ্যার পরে রমরমা গাঁজা ও মদের আসর বসে। উঠতি যুবক ও স্কুল-কলেজের ছাত্ররা এই আসরে মজমা জমায়। মাদক সেবনের কারণে এলাকায় প্রায়ই চুরি, ছিনতাই ও খুন-খারাবি সংঘটিত হয়ে থাকে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফাইজুল ইসলাম জানান, চর এলাকায় কোন গাঁজার চাষ হয় না। তবে কোথাও গাঁজা চাষের খবর পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে।
