পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বিগত দুই বছরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের পশ্চিম ভাটিপাড়া ও পূর্ব ভাটিপাড়া গ্রামের ৪০টি বাড়ি ও এক হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সাথে নদীগর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ, চলাচলের রাস্তা ও কালভার্ট। যদিও গ্রাম দুটি রক্ষা করার জন্য সরকারি কোন উদ্যোগ নেই। তাই এলাকার জনসাধারণ নিজেদের টাকায় ও সাধারণ মানুষের সাহয্যে বালির বস্তা ফেলে নির্মাণ করছে ভাঙন রক্ষা বাঁধ। গ্রামবাসী আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে আবার দেখা দিতে পারে ভাঙনের তাণ্ডব। গ্রামবাসী জানায়, সাত বছর আগেই বহ্মপুত্রের এ ভাঙন শুরু হলেও বিগত দুই বছরে তা ব্যাপক আকার ধারণ করেছে। গত দুই বছরে ইউনিয়নের বয়ড়া বাজার হতে খোদাবক্সপুর এলাকার প্রায় তিন কিলোমিটার এলাকার মানুষ ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১২ সালে ভাঙনে শিকার হয়ে ১০টি পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে। অনেক পরিবার ফসলের জমি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। কিন্তু তারপরও ভাঙন কবলিত মানুষ কোন সরকারি সাহায্য পায়নি।
