হাজীগঞ্জে উত্পাদিত পাটের সুতলি (পাটের সরু রশি) রপ্তানি হচ্ছে ভারত ও রাশিয়ায়। এটি শুধু হাজীগঞ্জের গর্ব নয়, সমগ্র চাঁদপুরের গর্ব। আর এ কাজটি করছে হাজীগঞ্জের টোরাগড়স্থ সাবেক হামিদিয়া জুট মিল, বর্তমানে হাজীগঞ্জ জুট স্পিনিং মিল। সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯৬৪ সালে পাকিস্তানি নাগরিক হামিদ খান হামিদিয়া জুট মিল নামে এ জুট মিলটি হাজীগঞ্জে প্রতিষ্ঠা করেন। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশ থেকে শুরু করে সর্বদক্ষিণে ডাকাতিয়ার কোল পর্যন্ত প্রায় ১৮ একর জমির উপর মিলটি প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকে এ মিলটিতে পাটের সামগ্রী তৈরি হতো। এরপর স্বাধীনতা যুদ্ধের সময় মিলটি বন্ধ হয়ে যায়। সে সময় এখানে অর্থাত্ মিলের অভ্যন্তরে পাকবাহিনী হাজীগঞ্জে তাদের কিছু দোসর নিয়ে তৈরি করে টর্চার সেল। পাকবাহিনী মিলটির যথেষ্ট ক্ষতি সাধন করে। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। তারপর জোড়াতালি দিয়ে ৭০ দশকের শেষদিকে এটি পুনরায় চালু হয়। সর্বশেষ ২০০৭ সালে হাজীগঞ্জ জুট স্পিনিং মিল প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি সরকারের শিল্প মন্ত্রণালয় থেকে এটি লিজ গ্রহণ করে। এরপর স্থানীয় ও অন্য জেলা থেকে শ্রমিক এনে এ মিলের কার্যক্রম শুরু করে। মিল ম্যানেজার ইদ্রিস আলী জানান, এ মিলে প্রধান ও একমাত্র কাঁচামাল হচ্ছে পাট। শুকনো পাটকে প্রক্রিয়ার মাধ্যমে অর্থাত্ স্পিনিং পদ্ধতিতে প্রায় ৬ রকমের সুতলি তৈরি করা হয়। এর মধ্যে সবচেয়ে উন্নতমানের যে সুতলি তৈরি করা হয় তার ভাল বাজার রয়েছে ভারত ও রাশিয়ায়।
