ঘোড়াঘাটে হাজার বছরের জল-স্থাপত্যের সন্ধান লাভ

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৩
প্রত্নসম্পদে সমৃদ্ধ দিনাজপুরের ঘোড়াঘাটের গোপালপুরে সন্ধান পাওয়া গেছে আনুমানিক দশম একাদশ শতকের ইট নির্মিত বিরল একটি স্থাপত্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি গবেষণা দল খনন করে এই স্থাপত্যের সন্ধান পেয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এখানে খননকাজ পরিচালিত হচ্ছে। প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছানের তত্ত্বাবধানে খনন পরিচালনার দায়িত্ব পালন করছেন সহযোগী অধ্যাপক স্বাধীন সেন। দলে আরো রয়েছেন সহকারী অধ্যাপক সাবিকুন্নাহার সিথি, পিএইচডি গবেষক সাইফুর রহমান পলিন, আহমেদ শরীফ সানি, আবির বিন কায়সার শুভ, আর স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মুক্তা, তুলি, ঝুমুর ও সোহাগ। উল্লেখ্য, একই প্রকল্পের অর্থায়নে এই উপজেলার বেলওয়া ও গোপালপুরে একইসাথে খনন পরিচালিত হচ্ছে ২৭ মার্চ থেকে। খনন দলের পরিচালক স্বাধীন সেন জানান, গোপালপুরের স্থাপনাটি ইটনির্মিত একটি জলাধার। জলাধারটি আনুমানিক ৩৩ মিটার দীর্ঘ ও ২৮ মি. চওড়া। জলাধারটির পশ্চিমদিকে ইটনির্মিত ঘাটের ধ্বংসাবশেষের আলামত রয়েছে। খননে প্রাপ্ত মৃত্পাত্রের বৈশিষ্ট্যাবলি ১০ম-১১শ শতকের। বাংলাদেশে এর আগে এই সময়কালের কোনো ইটনির্মিত জলাধারের সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন, বাংলা ও বিহারসহ ভারতের বিভিন্ন স্থানে ইট বা পাথর নির্মিত জলাধার, ঘাট, ও কুয়ার মত জল-স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এই স্থাপনাগুলো বিভিন্ন কালপর্বের। বাংলাদেশের উত্তরাঞ্চলে আলোচ্য সময়কালের অনেক পুকুর ও দীঘি এখনো টিকে আছে। সেগুলোর কোনো কোনোটিতে ইটের তৈরি ঘাটের নিদর্শনও এই গবেষকদল খুঁজে পেয়েছেন। তবে ইটের তৈরি এই সময়কালের কোনো স্থাপনার খোঁজ পাওয়া গেল এই প্রথম। এই অঞ্চলে এর আগে এই গবেষকদল প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনা করেন ২০০৯ ও ২০১১ সালে। স্বাধীন সেন জানান, জলাধারটি একটি মানব বসতির মধ্যে অবস্থিত। তার মতে এই বসতিটি আনুমানিক ৯ম-১০ম শতকের; যখন এই অঞ্চল বরেন্দ্র নামে পরিচিত ছিল। তখন বরেন্দ্র পাল রাজবংশের শাসন চলছিল বলে ঐতিহাসিক বিভিন্ন সাক্ষ্য-প্রমাণে জানা যায়। আনুমানিক ২ বর্গ কিলোমিটার মাপের বসতি চারপাশ দিয়ে পরিখা দিয়ে ঘেরা ছিল। গবেষকদল সেই পরিখাও শনাক্ত করেছেন। পরিখাঘেরা বসতির বিভিন্ন জায়গায় অনুচ্চ প্রত্নতাত্ত্বিক ঢিবি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে আছে। প্রকাশ, ১০-১২ বছর আগে তত্কালীন উপজেলা চেয়ারম্যান মরহুম কাজী আনিছুর রহমান চৌধুরী ঈদগাহ নির্মাণের জন্য এখানে খনন শুরু করলে স্থাপনাটি আংশিকভাবে উন্মোচিত হয়। সেই খননে কিছু মূর্তিসহ বেশ কিছু নিদর্শন পাওয়া যায়। সেগুলো সম্ভবত মহাস্থান জাদুঘরে রয়েছে। স্বাধীন সেন জানান, স্থাপনাটি ওই খনন আর পরবর্তীতে খনন ও ইট নিয়ে যাওয়ার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাধারটির মধ্যে ও পাশে প্রচুর মৃত্পাত্র পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দিকী জানান- সৌন্দর্যের লীলাভূমি আদি মধ্যযুগীয় ঘোড়াঘাট। এখানে মিলন ঘটেছে বিভিন্ন সংস্কৃতির। এখনো এখানে দৃষ্টিনন্দন সুরা মসজিদ কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে।