কালীগঞ্জে রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে ইমারত

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৩
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি গ্রাম নলডাঙ্গা। মোগল সম্রাট আকবরের আমলে মোহাম্মদ শাহী পরগনার রাজধানী ছিল নলডাঙ্গা। নলডাঙ্গা রাজবাড়ির শেষ রাজা ছিলেন প্রমথ ভূষণ রায় বাহাদুর। যে রাজ্য রক্ষার জন্য সৈন্য বাহিনী ছিল, সে রাজ্য নেই। রাজপ্রাসাদ রক্ষার জন্য চারদিকে যে পরিখা খনন করা হয়েছিল সেই প্রাসাদও আজ নেই। বাঁচার জন্য বেগবতী নদীর সাথে যে সংযোগ সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল তাও মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে অনেক আগেই। এখন রাজপ্রাসাদ না থাকলেও সাতটি মন্দির আজও রাজবাড়ির সাক্ষী হয়ে আছে। কালীগঞ্জ শহর থেকে মাত্র ৪ কিলোমিটার নলডাঙ্গা রাজবাড়ি। রাজার ছোট মেয়ের পুত্র প্রণব ভূষণ দেবরায় ১৯৯০ দশকের দিকে ভারত থেকে নলডাঙ্গা রাজবাড়িতে নাড়ির টানে ছুটে এসেছিলেন। এ সময় তার নানার হাতে প্রতিষ্ঠিত নলডাঙ্গা ভূষণ পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। চারদিকে এসব ধ্বংসস্তূপ দেখে তার মনটা কেঁদে উঠে। তিনি একটা আব্দার নিয়ে ছুটে যান তার পিতার স্নেহধন্য পার্শ্ববর্তী তৈলকুপ গ্রামে পাতা মিয়ার বাড়িতে। তাকে বলেন, কাকা সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আপনি যদি পারেন তাহলে এ অঞ্চলে এমন একটা কিছু করেন যাতে আমাদের এ অঞ্চলের হারানো ইতিহাস-ঐহিত্য ফিরে আসে। সেই থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক পাতা মিয়া স্বপ্ন দেখতে থাকেন একটা কিছু করতে হবে। এই পরিকল্পনা অনুযায়ী পাতা মিয়া তার গ্রামের বাড়িতে ২০ একর জমির উপর একটি নলডাঙ্গা রাজবাড়ির আদলে রিসোর্ট এবং গবেষণা কেন্দ্র ও একটি বিনোদন পার্ক নির্মাণ কাজ শুরু করেন। নাম দিয়েছেন নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট ও প্রাচীন স্থাপত্য গবেষণা কেন্দ্র। প্রাথমিক পর্যায়ে কাজ এগিয়ে চলছে । কিন্তু রাস্তা, বিদ্যুত্ নেই।