কুলাউড়ায় ইউরেনিয়াম আহরণের উদ্যোগ নেই

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৪
খনিজ বিশেষজ্ঞরা মনে করেন সিলেটে ঠিকমত অনুসন্ধান চালালে শুধু গ্যাস নয়, এখানে পাওয়া যাবে তরল সোনা বা তেল ও ইউরেনিয়াম আকরিক। শুধু মাত্র বিপুল পরিমাণ গ্যাস কিংবা গ্যাসের উপজাত বহুমুখী জ্বালানিই নয়, দেশের উত্তর পূর্বাঞ্চল তথা সিলেটে রয়েছে ‘তরল সোনা’ বিশ্বের সবচেয়ে দামী আলোচিত সম্পদ ইউরেনিয়াম আকরিক। ১৯৮৬ সালের জুন-জুলাই মাসে আণবিক শক্তি কমিশনের একদল বিশেষজ্ঞ এই অঞ্চলে ইউরেনিয়াম সম্পদের বিপুল মজুদের ব্যাপারে নিশ্চিত হন। তারা বিষয়টি তখন মিডিয়ায় প্রকাশ করেন। কিন্তু ব্যয়বহুল হওয়ায় সরকার তখন ইউরেনিয়াম আহরণের ব্যাপারে বেশীদূর এগোয়নি। দেশের প্রথম তেল আবিষ্কৃত হয় বড়লেখার পাথারিয়া পাহাড়ে ১৯৩৩ সালে। বার্মা অয়েল কোম্পানী (বিওসি) তা আবিষ্কার করে। কিন্তু উত্তোলনের সময় তা রহস্যজনক কারণে বিস্ফোরিত হয়ে আশপাশে ১৫/২০ মাইল এলাকায় বন্যার মতো সৃষ্টি হয়। কূপ পরিত্যক্ত ঘোষণার পর অদ্যাবধি তা আর খননের কোন পরিকল্পনা নেয়া হয়নি। তারপর ১৯৬২ সালে দেশীয় কোম্পানী বিশ্বব্যাংকের সহযোগিতায় গোলাপগঞ্জের কৈলাশটিলায় গ্যাস কূপ খনন করলে সেখানে তেলের সন্ধান পাওয়া যায়। কৈলাশটিলা তেল সম্পর্কে কর্তৃপক্ষ কোন ঘোষণা না দিয়েই তেলক্ষেত্রটি বন্ধ করে দেন। তেল গ্যাসে সমৃদ্ধ সিলেট অঞ্চলে কুলাউড়া উপজেলাধীন হারাগাছা পাহাড়ে ইউরেনিয়াম আকরিকের বিপুল মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও আজ পর্যন্ত তা আহরণের উদ্যোগ নেয়া হচ্ছে না। বিশেষজ্ঞ মহল থেকে ঐ এলাকায় আরো অনুসন্ধান কার্যক্রম চালানোর দাবী জানালেও তাতে তেমন কর্ণপাত করেনি সরকার। কুলাউড়ার হারাগাছা পাহাড়ে ১৯৮৬ সালে প্রথম ইউরেনিয়ামের সম্ভাব্যতা আবিষ্কৃত হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে সিদ্ধান্তহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ প্রকল্পের তেমন কোন অগ্রগতি হয়নি। দেশের উত্তর পূর্বাঞ্চলে তেল অনুসন্ধান ও উত্তোলন এবং ইউরেনিয়াম আকরিকের আহরণের ব্যাপারে সরকারের সাহসী সিদ্ধান্ত নতুন এক বাংলাদেশের সম্ভাবনা জাগাতে পারে। বদলে দিতে পারে দেশের বর্তমান চেহারা।