কাবুলে বোমা বিস্ফোরণে আহত ৯

আপডেট : ০৮ মে ২০১৯, ২২:০৩

রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী একটি গাড়ি বোমার বিস্ফোরণে অন্তত ৯ জন আহত হয়েছে। বুধবার তৃতীয় রোজার দিনে এ ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক একটি ত্রাণ সংস্থাকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

কাবুলের কেন্দ্রস্থলের অভিজাত এলাকায় হামলাটি চালানো হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডুলি ও ছিন্নভিন্ন দ্রব্য আকাশের দিকে উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক। নও শহর এলাকায় বিস্ফোরণটি ঘটেছে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। ওই এলাকা থেকে বিক্ষিপ্ত গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। কায়িস জামান নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণ স্থলটি অ্যাটর্নি জেনারেলের দপ্তরের নিকটবর্তী। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সগুলোকে ওই এলাকার দিকে যেতে দেখা গেছে।