গাইবান্ধার নলডাঙ্গা রেলস্টেশন দু’বছর বন্ধ

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৪
গাইবান্ধার নলডাঙ্গা রেলস্টেশন গত ২ বছর ধরে বন্ধ থাকায় যাত্রীসাধারণের দুর্ভোগ চরমে। জানা গেছে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন চালুর দিন থেকে নলডাঙ্গা রেলস্টেশনে ট্রেনটির যাত্রা-বিরতির দাবিতে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব অঞ্চলের ৬টি ইউনিয়ন ও সাদুল্যাপুর উপজেলার ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ আন্দোলন করে আসছে। সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ঐ স্টেশনে দাঁড়িয়ে এক্সপ্রেস ট্রেনটির যাত্রা-বিরতির প্রতিশ্রুতিও দেন। কিন্তু দীর্ঘ প্রায় ২ বছর আগে হঠাত্ করে স্টেশনটি ক্লোজড ডাউন করা হয়। জনবল অন্যত্র সরিয়ে নেয়া হলেও ট্রেনটি নিয়মিত যাত্রা-বিরতি দিয়ে আসলেও ওই স্টেশনে নেই কোন মাস্টার ও জনবল। প্রতিদিন আপন গতিতে ট্রেন থামে এবং ছেড়ে যায়। যাত্রীসাধারণ জানেন না কোন ট্রেন কখন আসবে আর কখন ছাড়বে। তাই ট্রেনের জন্য তাদের তীর্থের কাকের মত অপেক্ষা করতে হচ্ছে। ফলে স্টেশনটিতে প্রতিদিন শত শত যাত্রীর বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। রংপুর এক্সপ্রেসের টিকিট সরবরাহে ও স্টেশনটির ক্লোজড ডাউন প্রত্যাহার এলাকাবাসীর প্রাণের দাবি হলেও আজও তা পূরণ হয়নি। এব্যাপারে ডিটিএস লালমনিহাট জানান, জনবল সংকটের কারণে স্টেশনটির ক্লোজড ডাউন তুলে নেয়া যাচ্ছে না।