কাউখালী হাসপাতালে এক মাস যাবত্ ডায়রিয়ার স্যালাইন নেই

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৪
কাউখালী উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১ মাস ধরে ডায়রিয়ার আইভি স্যালাইন না থাকার কারণে অসহায়-দরিদ্র রোগীরা চরম বিপাকে পড়েছে। প্রচন্ড রুদ্ররুপ ধারণ করায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের অধিক মূল্যে বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে। পাশাপাশি ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিত্সা দেয়া হচ্ছে । সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারিভাবে হাসপাতাল থেকে ডায়রিয়া আক্রান্তদের আইভি স্যালাইন সরবরাহ করায় কাউখালী ওষুধ ব্যবসায়ীদের দোকানে সরবরাহ কম রয়েছে। ফলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রোগীদের স্যালাইন সংগ্রহ করতে জেলা শহরে ছুটতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ছিদ্দিকুর রহমান জানান, পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে স্যালাইনের চাহিদাপত্র পাঠালেও সরবরাহ না করায় এ সমস্যা দেখা দিয়েছে।